Wednesday, November 23, 2016

কালো টাকার বিরুদ্ধে যুদ্ধের প্রথম ধাপ নোট বাতিল : মোদি

কালো টাকার বিরুদ্ধে লড়াই শুরু করতেই নোট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কালো টাকার বিরুদ্ধে যুদ্ধের প্রথম ধাপ এটি। নোট বাতিল ইস্যুতে এই প্রথম বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন মোদি। তিনি বলেন, গরিবদের সাহায্যের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে দলীয় এমপিদের নিয়ে বৈঠকে বসে বিজেপি। যেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী মোদি। দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলো নোট বাতিল নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছে, এই প্রচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।’ মোদি আরও বলেন, ‘এটা সবে শুরু। দুর্নীতির গভীরে গিয়ে তাকে উৎপাটিত করতে হলে আরও নিরন্তর লড়াই চালাতে হবে।’
তিনি বলেন, ‘দুর্নীতি, জাল নোট, কালো টাকার চাপে মধ্যবিত্ত শ্রেণী থেকে গরিব মানুষ অসহায় হয়ে পড়েছে।’ ‘ডেমোনিটাইজেশন’ বা ‘নোট বাতিলের’ মতো সিদ্ধান্ত মূলত গরিব, মধ্যবিত্তদের উপকার করবে বলেই বৈঠকে দাবি করেন মোদি। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সব রকমের দুর্নীতিকে ছুড়ে ফেলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে মোদি দলীয় এমপিদের কাছে পরিষ্কারভাবেই জানতে চান, কারা কারা অর্থনীতির এই সংস্কারে দেশবাসীর পাশে রয়েছেন? যারা পাশে দাঁড়াবেন না, মনে করা হবে তারা কালো টাকার দুর্নীতিবাজদের সঙ্গেই থাকতে চান। এরপর বৈঠকে হাজির সব বিজেপি এমপিই উঠে দাঁড়িয়ে মোদিকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেন। এমনকি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সমর্থনে বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি ‘রেজুলিউশন’ও পাস করেন বিজেপি এমপিরা। প্রধানমন্ত্রীর সুরে গলা মিলিয়েই মঙ্গলবার নোট বাতিল ইস্যুর সমর্থনে সুর চড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিকে নোট বাতিল নিয়ে যখন উত্তাল জাতীয় রাজনীতি, ঠিক তখনই মোক্ষম চাল দিলেন মোদি। নোট ইস্যুতে কংগ্রেস,
তৃণমূল, সিপিএম এবং অন্যান্য বিরোধী দল একযোগে সংসদে ও সংসদের বাইরে কোণঠাসা করতে চাইছে সরকারকে। সাধারণ মানুষের সমস্যার কথা বলে প্রশ্নে জর্জরিত করছে বিরোধীরা। মোদি জানিয়ে দিলেন, সাধারণ মানুষের সমস্যার কথা তিনি সাধারণ মানুষের মুখ থেকেই শুনতে চান। আর তাই নিয়ে এলেন নতুন অ্যাপ। ওই অ্যাপে আবেদনের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের মতামত জানতে পারবেন প্রধানমন্ত্রী। ওই অ্যাপে কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে জানা যাবে জনগণের মতামত। ১. আপনি কি মনে করেন, ভারতে কালো টাকা রয়েছে? ২. আপনি কি মনে করেন, দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াই করা উচিত এবং সেই কালো টাকামুক্ত দেশ গড়ে উঠুক? ৩. সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে আপনার মতামত ঠিক কী? ৪. আপনি কি প্রধানমন্ত্রী মোদিকে কোনো বুদ্ধি বা পরামর্শ দিতে চান? ৫. কালো টাকা, সন্ত্রাসবাদ, দুর্নীতি রুখতে নোট বাতিলের সিদ্ধান্তে যে সমস্যা তৈরি হয়েছে তাতে কি আপনি অসন্তুষ্ট? ৬. এতে কি কালো টাকা দমনে সহায়ক হবে? ৭. মোদি সরকারের এ পদক্ষেপ কতটুকু কার্যকর?

No comments:

Post a Comment