কক্সবাজারের
টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে ইয়াবা পাচারকারীর সঙ্গে বিজিবির গুলি
বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবাসহ একটি
নৌকা জব্দ করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে নাফ নদীর
আড়াই নং স্লুইচ গেইট সংলগ্ন আলো গোলা প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ
সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ২ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বেলা ১টার দিকে জানায়,
ভোরের দিকে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদে তার
নেতৃত্বে নাফ নদীর জালিয়াপাড়া থেকে সাবরাং পর্যন্ত এলাকায় বিজিবির কয়েকটি
টহল দল অবস্থান নেয়। এ সময় আড়াই নং স্লুইচ গেইট সংলগ্ন আলো গোলা প্রজেক্ট
এলাকা দিয়ে ইয়াবা পাচারকারীরা ইয়াবা ভর্তি এক নৌকা নিয়ে টেকনাফ কুলে
আসছিলেন। তীরে উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বিজিবির প্রতি লক্ষ্য করে দুই
রাউন্ড গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও ৮ রাউন্ড পাল্টা গুলি করলে
পাচারকারীরা নৌকা থেকে নদীতে লাফ দিয়ে মিয়ানমার দিকে চলে যায়। এ সময় বিজিবি
তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করে। উদ্ধার হওয়া ইয়াবার
আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে জানান তিনি। এই বিশাল ইয়াবার চালান
ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি
সাপেক্ষে এগুলো ধ্বংস করা হবে।

No comments:
Post a Comment