Thursday, November 24, 2016

এমপি বদির জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন

দুদকের মামলায় কারান্তরীণ হয়ে জামিনে বের হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে উখিয়া-টেকনাফের বদি সমর্থকরা। বৃহস্পতিবার তিনি এলাকায় আসছেন জেনে এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে তার সংসদীয় আসনের শুরুর স্থান মরিচ্যা বাজার এলাকা থেকে টেকনাফ পর্যন্ত প্রায় দুই শতাধিক তোরণ তৈরি করেছে এমপি বদির সমর্থকরা। অপরদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এ আদেশ দেন। বেলা ১১টায় এমপি বদি বেসরকারি একটি বিমানে কক্সবাজার পৌঁছাবেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে নিয়ে গাড়িবহর উখিয়া যাবে। সেখানে উখিয়া সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে বিশাল গণসংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন বলেন, উখিয়া-টেকনাফের জনপ্রিয় সংসদ সদস্য আবদুর রহমান বদি ষড়যন্ত্রের শিকার। তিনি উচ্চ আদালতে জামিন পেয়েছেন। আমরা আশা রাখি, অভিযোগ থেকেও খালাস পাবেন।
এজন্য তাকে বরণ করতে আমরা প্রস্তুত আছি। উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন বলেন, এমপি বদিকে বরণ করতে কক্সবাজার-টেকনাফ সড়কের ২০ কিলোমিটারজুড়ে দলীয় নেতাকর্মীরা দুই শতাধিক তোরণ নির্মাণ করেছেন। পোস্টার-ফেস্টুনে সয়লাব হয়ে গেছে সড়কের উভয় পাশ। মরিচ্যার লাল ব্রিজ থেকে টেকনাফ স্টেশন পর্যন্ত শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন তোরণ আর ব্যানার, ফেস্টুন। কারান্তরীণ হওয়ার পর গঠন করা আবদুর রহমান বদি মুক্তি পরিষদের আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী বলেন, গণমানুষের প্রিয় নেতা আবদুর রহমান বদি কারামুক্তি পেয়ে উখিয়া-টেকনাফের জনগণের মাঝে ফিরে আসতে পারায় আল্লাহর কাছে তার ভক্তরা শুকরিয়া জ্ঞাপন করছেন। তিনি কতটা জনপ্রিয় গণসংবর্ধনায় লোক সমাগমে তা প্রমাণ হবে। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আমরা আশা করছি গণসংবর্ধনা গণজোয়ারে পরিণত হবে। অপরদিকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এক জনপ্রতিনিধির জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজনকে ‘চোরের মায়ের বড় গলা’ বলে অবহিত করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বদির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। এর আগে ১০ নভেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিলে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যে বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

No comments:

Post a Comment