Monday, November 14, 2016

গুলশানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর গুলশান-২এ একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- গৃহকর্মী পারভিন বেগম (৩৭), শরিফা আক্তার (১৮) ও বেদানা বেগম(২০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে গুলশান-২ এর ৭৩ নম্বর রোডের নাভানা টাওয়ারের তিন তলার একটি ফ্লাটের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। বাড়ির কেয়ারটেকার রুবেল হোসেন জানান, দগ্ধ গৃহকর্মীরা গুলশানের ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
আর ওই বাড়িতেই তারা থাকতেন। সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ হলে বাড়ির আশপাশের লোকজন ছুটে যায়। পরে রান্নাঘর থেকে আহত গৃহকর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি। ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ তিনজনের অবস্থাই গুরুতর। তবে দু'জনের অবস্থা আশংকাজনক। শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ এবং পারভিনের ২০ শতাংশ পুরে গেছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি তদন্ত) সালাউদ্দিন বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত নয়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

No comments:

Post a Comment