Monday, November 14, 2016

মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে ২৫ রোহিঙ্গা নিহত

মিয়ানমারের সেনাবাহিনী
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ নিয়ে গত দু'দিনে নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের হামলায় দুই সেনাও মারা গেছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল। এরআগে হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার ঘটনা স্বীকার করে দেশটির সরকার। এ ঘটনার পর সেখানকার মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে বলে জানা যাচ্ছে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার সৈন্যদের ওপর একদল লোক আগ্নেয়াস্ত্র,
ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালায়। এতে দু'জন সৈন্য ও ৬ হামলাকারী নিহত হয়। এরপর ওই এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এক পর্যায়ে প্রায় ৫০০ মানুষ সেনাদলের বিরুদ্ধে অবস্থান নিলে সৈন্যদের সাহায্যে দু'টি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গাদের গ্রামে নির্বিচারে গুলি চালানো হয়। এতে নতুন করে ২৫ জন নিহত হয়। তবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নতুন প্রকাশিত ছবিতে 'ব্যাপকহারে ধ্বংসযজ্ঞ' দেখা যাচ্ছে, যা 'পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি'। মিয়ানমার সরকার এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে 'ক্লিয়ারেন্স অপারেশন' হিসেবে অভিহিত করছে। মিয়ানমারে রোহিঙ্গাদের অনেকেই পছন্দ করে না এবং অনেকেই তাদের বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে থাকে।
সূত্র: বিবিসি

No comments:

Post a Comment