Wednesday, November 16, 2016

নাসিরনগরে হামলায় বিএনপি নেতা গ্রেফতার

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মালম্বীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িত থাকার দায়ে উপজেলার সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আমিরুল হোসেন চকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৮৫ জনকে গ্রেফতার করা হলো। বুধবার ভোররাতে উপজেলা সদরের দত্তপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিএনপি নেতা আমিনুল দত্তপাড়া এলাকার মোশাররফ হোসেন চকদারের ছেলে। নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ছয় মামলায় এখন পর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি। প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর হিন্দু ধর্মালম্বীদের বেশ কয়েকটি মন্দির ও শতাধিক ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। মন্দির ও ঘরবাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনার রেশ কাটতে না কাটতেই ৪ নভেম্বর আবার নাসিরনগরের হিন্দু ধর্মালম্বীদের পাঁচটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর আবার ৫ নভেম্বর সন্ধ্যায় নাসিরনগরের উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দের বাড়িতে আগুন দেয়া হয়।

No comments:

Post a Comment