Tuesday, November 22, 2016

'বিএনপিকে নিশ্চিহ্ন করতেই তারেককে নির্যাতন'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপিকে নিশ্চিহ্ন করতেই ওয়ান-ইলেভেনের ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকার তারেক রহমানের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, ওই সময় 'মাইনাস টু ফর্মুলা'র নামে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা এবং দেশকে বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছিল। বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, 'মাইনাস টু ফর্মুলা'র অংশ হিসেবে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির বহু সিনিয়র নেতাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়।
বর্তমান সরকারও ফখরুদ্দিন-মইনউদ্দিনের উত্তরসূরী হিসেবে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় ড. মোশাররফ এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। জাতীয় প্রেসক্লাবের নিচতলার মিলনায়তনে এ উপলক্ষে রঙ-বেরঙয়ের বেলুন, ব্যানার দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়। ড. মোশাররফ আরও বলেন, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলেই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন।
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাবনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের নেত্রী একটি স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তা প্রত্যাখান করেছে। তারা স্বাধীন নির্বাচন কমিশন মানে না। কারণ তারা আবারও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, সুষ্ঠু নির্বাচন চায় না।' এসময় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এতো নির্যাতনের পরও কোনো নেতাকর্মী দল ছেড়ে যায়নি। আসলে বিএনপি এখনও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টার সভাপতিত্বে  এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

No comments:

Post a Comment