ভারত
নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ঘোষণা দিয়েছেন
'জামাত-উদ-দাওয়া' সংগঠনেরর প্রধান হাফিজ সাঈদ। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ
কাশ্মীরের মিরপুরে রোববার এক সভায় তিনি এ ঘোষণা দেন। খবর আনন্দবাজার
পত্রিকার। সাঈদ বলেন, নরেন্দ্র মোদি যা করার করেছেন। এবার কাশ্মীরে
সার্জিক্যাল স্ট্রাইক করার পালা যোদ্ধাদের। তিনি আরও বলেন, 'ভারত যে
সার্জিক্যাল স্ট্রাইক করেছে, দুনিয়া তাতে গুরুত্ব দেয়নি। কিন্তু
মুজাহিদিনরা যা ঘটাতে চলেছে, মানুষ অনেক দিন তা মনে রাখবে।' কাশ্মীরে
ভারতের নিপীড়নের বিষয়ে পাকিস্তান সরকারের শীতল মনোভাবের কড়া সমালোচনা
করেছিলেন সাঈদ। ওই সময় তিনি কাশ্মীরের মানুষের জন্য পাকিস্তানের সক্রিয়
সমর্থন চান। এই বক্তব্যের এক সপ্তাহের মধ্যেই সার্জিক্যাল হামলার হুমকি দেন
তিনি।
গত ২৭ সেপ্টেম্বর কাশ্মীরে
সার্জিক্যাল হামলা করেছিল ভারত। এ হামলায় পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের
চেষ্টাকারী ৪০ জন কাশ্মীরি যোদ্ধাকে হত্যার দাবি করেছিল ভারত। তবে শুরু
থেকেই পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে নাকচ করে আসছে। আনন্দবাজার
পত্রিকা বলছে, ওই সার্জিক্যাল হামলার পরেও ভারতে জঙ্গিদের অনুপ্রবেশের জন্য
ইসলামাবাদের প্রয়াস থেমে থাকেনি। বরং জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান
সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লংঘন করছে ইসলামাবাদ। শীতের আগে
জঙ্গিদের কাশ্মীরে পৌঁছে দিতে পাক সেনারা চেষ্টা চালাচ্ছে। গোয়েন্দাদের
বরাতে পত্রিকাটি বলছে, কাশ্মীরে জঙ্গিরা ঘাঁটি তৈরি করে অবস্থান করছে।
নিয়ন্ত্রণরেখার অপরপ্রান্তে অনুপ্রবেশের জন্য অন্তত তিনশ' জঙ্গি অপেক্ষায়
রয়েছে। এই পরিস্থিতিতে হাফিজ সাঈদের পাল্টা সার্জিক্যাল হামলার হুমকিকে
বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

No comments:
Post a Comment