Tuesday, November 22, 2016

মিতু হত্যা : অস্ত্র মামলায় ভোলা ও মনিরের বিচার শুরু

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। ফলে অস্ত্র মামলায় তাদের আনুষ্ঠানিক বিচার শুর হলো। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। আগামী  ১৮ জানুয়ারি থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। অস্ত্র আইনে দায়ের করা এ মামলার দুই আসামি হচ্ছেন- এহতেশামুল হক ভোলা ও তার গুদামের কর্মচারি মনির হোসেন।
গত ৫ জুন ভোরে নগরীর জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাত করে  হত্যা করা হয়  মাহমুদা খানম মিতুকে।  এ ঘটনায় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার  বাদি হয়ে অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর গত ২৭ জুন এহতেশামুল হক ভোলা এবং পরদিন মনির হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি। অস্ত্র উদ্ধারের ঘটনায় নগরীর বাকলিয়া থানায় অস্ত্র আইনের  মামলা দায়ের করা হয়।  গত ২৮ জুলাই আদালতে এ মামলায় দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এস আই মহিম উদ্দিন।

No comments:

Post a Comment