Tuesday, November 22, 2016

ময়মনসিংহে স্কুলগেটে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ময়মনসিংহ শহরে স্কুলের গেটে সহপাঠির ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন তার নাম রাশেদুজ্জামান লিয়ন। সে বাইপাস এলাকার আক্তারুজ্জামানের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের গেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্কুলের শিক্ষার্থীরা জানান, লিয়ন ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
সকাল সাড়ে ৯টার দিকে ক্লাশ শুরুর আগে সে স্কুলগেটের সামনে দাঁড়িয়েছিল। এসময় তার সহপাঠি এবং একই স্কুলের ছাত্র নাঈম তার কয়েকজন বন্ধুকে নিয়ে লিয়নের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে সে লিয়নের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়নকে মৃত ঘোষণা করেন। সদর থানা ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত কোনো ঘটনা নিয়ে তাদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। দুই শিক্ষার্থীই একই স্কুলের এবং একই ক্লাশে পড়ে। ওসি আরও বলেন, নাঈমের বাড়ি শহরের কেওয়াতখালী এলাকায়। তাকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে। এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনার পর থেকে বিক্ষোভ করছেন। তারা সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে রাশেদুজ্জামান লিয়নকে তার স্কুলের ছাত্র দাবি করলেও নাঈম তার স্কুলের শিক্ষার্থী নয় বলে জানান।

No comments:

Post a Comment