Saturday, November 26, 2016

মিয়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনাকারী গ্রেফতার

ইন্দোনেশিয়ায় মিয়ানমার দূতাবাসে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রিও প্রিয়াতনা ওয়াইবাওয়া (২৩)। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেটের সমর্থক একটি গোষ্ঠীর সদস্য বলে ধারণা করছে পুলিশ। শনিবার বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ ওয়াইবাওয়াকে গ্রেফতার করে। পুলিশের মুখপাত্র বয় রাফি আমার জানিয়েছেন,
আগামী মাসে জাকার্তায় সরকারি ভবন এবং মিয়ানমারের দূতাবাসে হামলা চালানোর জন্য এ সব সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা করছিলেন ওয়াইবাওয়া। গ্রেফতার সন্দেহভাজন ওয়াইবাওয়া একটি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি একজন স্বশিক্ষিত বোমা কারিগর। তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিলেন বলে দাবি পুলিশের মুখপাত্রের। প্রসঙ্গত, মিয়ানমার দূতাবাসে বোমা হামলার পরিকল্পনাকারীকে গ্রেফতার করলেও রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে দেশটির প্রতি ইন্দোনেশিয়ার সাধারণ মুসলমানদের তীব্র ক্ষোভ রয়েছে। এরইমধ্যে ইন্দোনেশিয়ার বড় বড় শহরগুলোতে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মিয়ানমারবিরোধী বিক্ষোভ হয়েছে।

No comments:

Post a Comment