ইরানের
উত্তরাঞ্চলীয় প্রদেশ সেমনানে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৪ জন নিহত ও ১০৩
জন আহত হয়েছে। খবর এএফপি, বিবিসির। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার
দিকে সেমনানের হাফট খান স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা
জানান। দেশটির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সংস্থার মুখপাত্র মোস্তফা
মোরতাজাভি জানান, ঘটনাস্থল থেকে ৪৪ জনের মরদেহ এবং আহত অবস্থায় শতাধিক
যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার
কার্যক্রম শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
ট্রেনটিতে ৪ শতাধিক যাত্রী ছিলেন। তবে
তুষারপাত এবং সড়কগুলো বরফ পড়ে ঢেকে যাওয়ায় উদ্ধার কাজে সাময়িক সমস্যা
হচ্ছে। ফলে উদ্ধার কাজে গতিশীলতা আনতে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে।
স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে আরেকটি ট্রেন ধাক্কা দিলে হতাহতের এ
ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে
আগুন ধরে যায়। সেমনানের গভর্নর মোহাম্মদ রেজা খাব্বাজ রাষ্ট্রীয়
টেলিভিশনকে বলেছেন, নিহতদের মধ্যে ৩১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আর
অন্তত ৭০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আরও বাড়তে পারে বলে
আশংকা করছেন তিনি।

No comments:
Post a Comment