Wednesday, November 2, 2016

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, মুক্তিযোদ্ধাসহ আহত ৪

মাদারীপুরে কালকিনি উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিযোদ্ধা মো গিয়াসউদ্দিন মোল্লার বাড়িসহ মোল্লারহাট বাজারের দুই জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী ডাকাতদল ৬৩ ভরি স্বর্ণ, ১০৫ ভরি রুপা, নগদ তিন লাখ ৩৫ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোনসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাড়ির গৃহকর্তাসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন মোল্লা (৭৪), মেয়ে স্মৃতি বেগম (৩০), আফরিন সায়েদা শিমু (২০) ও বড় মেয়ের জামাই মাসুম হাওলাদার (৪৫)। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,
মোল্লারহাট গ্রামের মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে প্রথমে ১০-১২ জনের একদল ডাকাত দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ, নগদ ৬০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়। গুরুতর আহত গিয়াসউদ্দিন ও সিমুকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর একই সময় মোল্লারহাট বাজারের দুইটি স্বর্ণের দোকান আলভী জুয়েলার্স ও আলম গোল্ড ওয়ার্কসপের গ্রিলকেটে ডাকাতদল ৩৩ ভরি স্বর্ণ, ১০৫ ভরি রুপা ও নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন মোল্লার মেয়ে আফরিন সায়েদা শিমু বলেন, রাত ২টার দিকে গ্রিল ভাঙার আওয়াজ শুনে বাইরে আসতে গেলে হাপপ্যান্ট ও কালো গেঞ্জি পড়া মুখোশধারী ১০/১২ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে আমাদের প্রথমে জিম্মি করে ফেলে। এরপর সবকিছু লুট করে নিয়ে যায়। কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এ বিষয় মামলা হবে।

No comments:

Post a Comment