Sunday, November 13, 2016

ভোল পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

উগ্র জাতীয়তাবাদী প্রতিশ্র“তি দিয়ে অবিশ্বাস্যভাবে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্প বাস্তব পরিস্থিতি বিবেচনায় তার আগের অবস্থান থেকে সরে আসতে শুরু করেছেন বলেই প্রতীয়মান হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ওবামাকেয়ার নামে পরিচিত প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্য-বীমা আইনটির মূল ভিত্তিগুলোকে হয়তো বাতিল নাও করতে পারেন। কারণ এতে অনেক ভালো বিষয় রয়েছে। নির্বাচনের আগে ২০১০ সালের এ আইনটিকে রদ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এখন তিনি বলছেন, পুরনো অসুখের ব্যাপারে ইনস্যুরেন্স কোম্পানিগুলোর বীমা দাবি প্রত্যাখ্যানের ওপর নিষেধাজ্ঞা তিনি অব্যাহত রাখবেন, যেমনটি রয়েছে ওবামাকেয়ারে।
ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, তিনি পিতা-মাতার পলিসি দিয়ে তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে স্বাস্থ্য-বীমার আওতায় রাখার পক্ষে। এ দুটিই ওবামাকেয়ারের মূল দুটি স্তম্ভ এবং ট্রাম্প বলছেন, আমি এগুলো খুবই পছন্দ করি। ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প আরও বলেন, বৃহস্পতিবারের বৈঠকে ওবামাই তাকে বুঝিয়েছেন যে, কম রোজগেরেদের এ স্বাস্থ্য-বীমা আইন বা অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট কেন তার পুনর্বিবেচনা করা উচিত। হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেংকারি তদন্ত করতে বিশেষ কৌঁসুলি নিয়োগের যে কথা ভোটের আগে বলেছিলেন, সেটি কি তিনি করবেন? এ প্রশ্নে ট্রাম্প বলেন, এটা নিয়ে আমি আসলে তেমন একটা ভাবার সময় পাচ্ছি না। কারণ আমি স্বাস্থ্য, চাকরি, সীমান্ত নিয়ন্ত্রণ এবং কর ব্যবস্থাপনা নিয়েই বেশি চিন্তিত। হিলারিকে জেলে পাঠানোর হুমকি এবং তাকে নোংরা ও কুটিল নারী বলে মন্তব্য করে এর আগে সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। তবে বিজয় ভাষণে তিনি বলেন, হিলারি দেশের যে সেবা করেছেন সেজন্য তিনি কৃতজ্ঞ। এখন আরও একধাপ এগিয়ে তিনি বলছেন, ক্লিনটন পরিবার অত্যন্ত মেধাবী। সিবিএস টিভিকে দেয়া এ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরাজয়ের পর হিলারি অত্যন্ত ভালোভাবে তাকে অভিনন্দন জানান,
যেটা তার পক্ষে সম্ভব হতো না। প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত শক্ত এবং অত্যন্ত স্মার্ট। ট্রাম্প বিল ক্লিনটনেরও প্রশংসা করেন এবং বলেন ভোটের পরদিন তিনিও ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান এবং বলেন তার দেখা সবচেয়ে দারুণ লড়াই ছিল এবার। ট্রাম্প বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনায় তিনি ক্লিনটনের পরামর্শ চাইতে পারেন। তিনি অত্যন্ত মেধাবী। পুরো পরিবারটিই অত্যন্ত মেধাবী। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা, ওবামাকেয়ার বাতিল, অভিবাসন নিয়ন্ত্রণ করা, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর মতো নানা বক্তব্য ভোটের আগে দিয়েছেন ট্রাম্প। এটা নানাভাবে আলোচিত ও সমালোচিত হলেও এখন দেখা যাচ্ছে এসব প্রতিশ্র“তি দিয়েই হোয়াইট হাউসে প্রবেশের ম্যান্ডেট পেয়েছেন তিনি। ফলে ভোটের পর স্বভাবতই সবার নজর রয়েছে, বিতর্কিত ওই প্রতিশ্র“তিগুলো বাস্তবায়ন করতে কি করেন ডোনাল্ড ট্রাম্প? কতটাই বা পারবেন? নির্বাচনে জয়ের অবব্যহিত পরেই ট্রাম্পের নির্বাচনী ওয়েবসাইট থেকে অবশ্য মুসলিমবিদ্বেষী বক্তব্য উধাও হয়ে গেছে। এখন ওবামাকেয়ার নিয়েও সুর নরম হচ্ছে তার। যদিও সীমান্ত নিয়ন্ত্রণ এখনও তার অগ্রাধিকারেই আছে, কিন্তু মেক্সিকো সীমান্তে ‘বড়, সুন্দর আর ক্ষমতাধর’ প্রাচীর তোলা যুক্তরাষ্ট্রের পক্ষে কতটা সম্ভবপর হবে সেটা নিয়েও এখন প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। বিবিসি, ইউএসএ টুডে

No comments:

Post a Comment