Sunday, November 27, 2016

ফাইনালে বাংলাদেশ

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। শেষ ম্যাচে জিতলেই টুর্নামেন্টের হ্যাটট্রিক ট্রুফি নিয়ে ঢাকায় ফিরবে জিমি বাহিনী। প্রাক স্থান নির্ধারণী ম্যাচে শনিবার তারা গোল-বন্যায় ভাসিয়েছে সিঙ্গাপুরকে। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজরা। এবারের আসরে সাংগঠনিক দক্ষতায় অন্যতম সেরা দল ছিল বাংলাদেশই।
পাঁচ জার্মানিসহ ছয় কোচের কোচিং স্টাফ আর ইউরোপে মাসাধিকাল সময়ের কন্ডিশনিং ক্যাম্প- সব মিলিয়ে এই টুর্নামেন্টের জন্য গেল তিন মাসে লক্ষণীয় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। আর দল তৈরিতেও পুরনোদের সঙ্গে নতুনদের সমন্বয় ঘটানো হয়েছে। তাই তো গ্রুপপর্ব থেকে প্রাক স্থান নির্ধারণী পর্যন্ত অসাধারণ সব ম্যাচ খেলেছেন জিমি, চয়নরা। একই কারণে সিঙ্গাপুরের বিপক্ষে সবচেয়ে বড় জয়ও পেয়েছে বাংলাদেশ। হকিতে প্রতিপক্ষ দল হিসেবে বাংলাদেশের কাছে বেশ দুর্বল ছিল সিঙ্গাপুর। অতীতের চারটি ম্যাচই তার প্রমাণ। ২০১২ সালে ওয়ার্ল্ড হকি লীগের প্রথম রাউন্ডে সিঙ্গাপুরকে ৪-২ গোলে, ২০১৪ সালে এশিয়ান গেমসের বাছাইপর্বে ২-০ ব্যবধানে, একই বছর ইনচন এশিয়ান গেমসে ২-১ গোলে এবং গেল বছর ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় রাউন্ডে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তবে জয়ের ব্যবধানটা বেড়েছে। ম্যাচের শুরু থেকেই সিঙ্গাপুরকে মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে জিমি বাহিনী। যদিও গোলের দেখা পেতে কিছুটা সময় লেগে যায়। ম্যাচের ২৬ মিনিটে ফিল্ড থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড মিলন হোসেন (১-০)।
মিনিটতিনেক পরেই ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার রোমান সরকার (২-০)। ম্যাচের ৩৭ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি তৃতীয় গোলটি আদায় করেন (৩-০)। ৪৮ মিনিটে পর পেনাল্টি কর্নার (পিসি) থেকে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন ড্রাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। মিনিটদুয়ের পর পুষ্কর খিসা মিমো এবং ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার আরও দুটি গোল করেন (৬-০)। গোল হজমের পর যেন দিশেহারা হয়ে পড়েন সিঙ্গাপুরের খেলোয়াড়রা। তবে শত চেষ্টা করেও গোল শোধ দিতে পারছিলেন না তারা। উল্টো আরও পিছিয়ে পড়ে সিঙ্গাপুর। ম্যাচের ৬৬ ও ৬৯ মিনিটে আরেক পিসি স্পেশালিস্ট আশরাফুল ইসলাম টানা দুটি গোল করে দলকে বড় জয় পেতে সহায়তা করেন (৮-০)। এরফলে শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠে গেল বাংলাদেশ। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলংকা ও হংকংয়ের খেলায় জয়ী দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

No comments:

Post a Comment