বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কাল বৈশাখী ঝড় উঠে গেলে তখন আর ভাবনা-চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। আন্দোলনের ঝড়ে অনেক কিছু তছনছ হয়ে যাবে।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার ‘সার্কের ভবিষ্যৎ এবং বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এ সভার আয়োজন করেছে। দুদু বলেন, ‘শেখ হাসিনা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন দেশে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ভোটের দরকার। কাল বৈশাখী ঝড় উঠে গেলে তখন আর ভাবনা চিন্তা করার কোনো সুযোগ থাকবে না।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের বিপক্ষে গেলে গত ৪৪ বছরে কার কী পরিণতি হয়েছে, এটা তো আমরা জানি।
যদি শাসকদের সে কথা উল্লেখ করি তবে অনেকেই কষ্ট পাবেন দুঃখ পাবেন, বুঝতে চাইবেন না কেউ কেউ।’ ‘গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানে যখন ঝড় উঠে যাবে, আন্দোলনের ঝড়, সেই ঝড়ে অনেক কিছু তছনছ হয়ে যাবে। ফ্যাসিবাদের রক্ষা হবে না। তাই বলি যত তাড়াতাড়ি পারেন গণতন্ত্রে ফিরে আসুন, নির্বাচনে ফিরে আসুন। বিরোধী দলকে হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা থেকে রেহাই দিন,' যোগ করেন দুদু। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

No comments:
Post a Comment