Wednesday, November 16, 2016

ট্রাম্পকে পাশে চান আসাদ

সিরিয় প্রেসিডেন্ট আমেরিকার সম্পর্কে বলেন, তারা মনে করে যে তারাই বিশ্বের মোড়ল। কিন্তু আসলে তা নয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আশা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি পাশে পাবেন। আসাদ বলেছেন, তিনি আশা করছেন ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজন বন্ধু হয়ে উঠবেন। তবে সতর্কভাবে তাকে পর্যবেক্ষণও করছে সিরিয়া। খবার বিবিসি বাংলার।
পর্তুগালের আরটিপি টেলিভিশনকে আসাদ বলেন, ট্রাম্প যদি সন্ত্রাসের বিরুদ্ধে তার অঙ্গীকার পূরণ করেন তাহলে তিনি হবেন একজন 'স্বাভাবিক মিত্র'। সিরিয় নেতা বলেন, তিনি (ট্রাম্প) কি করতে যাচ্ছেন তা আমরা এখনও জানি না। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যদি লড়াই শুরু করেন, সেক্ষেত্রে রাশিয়ান এবং ইরানিদের সঙ্গে যে ধরনের বন্ধুত্ব তেমনটাই হতে পারে। বর্তমান মার্কিন নীতি অনুসারে আমেরিকার অবস্থান আইএস এবং অন্যান্য জিহাদিদের বিরুদ্ধে । সেই সঙ্গে বাশার আল আসাদের বিরোধী পক্ষকে সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ট্রাম্প তার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবেন সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন সিরিয় প্রেসিডেন্ট। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প তথাকথিত ইসলামিক স্টেট বাহিনীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি কি তা সত্যিই করতে পারবেন?
সুতরাং বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করেন সিরিয়ার এই নেতা। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন যে, সিরিয় বাহিনী এবং তথাকথিত আইএস জঙ্গি-দুই পক্ষের বিরোধিতা করা ছিল "উন্মাদনা", এবং সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ রাশিয়া পর্যন্ত গড়াতে পারে। এদিকে সিরিয়ায় সংঘাত আরও জোরালো রূপ নিচ্ছে। সরকারি বিমান থেকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে মঙ্গলবার। তিন সপ্তাহের মধ্যে এটাই প্রথম হামলা বলে মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন। ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

No comments:

Post a Comment