Monday, November 7, 2016

আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা সালমান এফ রহমানকে  বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠিও দেয়া হয়েছে সালমান এফ রহমানকে। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা হিসেবে একই দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে পুনরায় এ দায়িত্বে মনোনয়ন দেয়া হলো। ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সালমান এফ রহমান তার ‘শ্রম, মেধা ও প্রজ্ঞা দিয়ে বেসরকারি খাত উন্নয়নে নতুন গতি সঞ্চারে সহায়তা করতে’ পারবেন বলে আওয়ামী লীগ আশা করছে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা করেন সালমান এফ রহমানকে। এরপর থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন।
একটি জুট মিল নিয়ে ১৯৬৬ সালে ব্যবসা শুরু করেন সালমান এফ রহমান ও তার বড় ভাই সোহেল এফ রহমান। বাহাত্তরে মিলটি জাতীয়করণ হলে তারা গড়ে তোলেন বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)। ওষুধ তৈরির কারখানায় সেই ব?্যবসার সূচনা। সেই বেক্সিমকো বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী গ্রুপ। যেখানে ৫৫ হাজার মানুষ কাজ করছে। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, রিয়েল এস্টেট, ট্রেডিং, আইসিটি ও মিডিয়া, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, জ্বালানি, ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ- এই দশ খাতে ব্যবসা করছে বেক্সিমকো গ্রুপ। বিশ্বের ৪৩টি দেশে বেক্সিমকোর পণ?্য রপ্তানি হচ্ছে। সালমান এফ রহমান বর্তমানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের বেশির ভাগ শেয়ারের মালিক তিনি।
দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে ক্রীড়া সংগঠক হিসেবেও দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছেন তিনি। মনোনীত হয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক। ১৯৯৪ থেকে ১৯৯৬ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন সালমান এফ রহমান। এফবিবিসিআই ছাড়াও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি।
>>>মানবজমিন

No comments:

Post a Comment