Monday, November 7, 2016

ফারহানকে নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা

বেশ কিছুদিন ধরেই বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। ফারহান আখতারের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর। লুকিয়ে ডেটও করছেন নাকি দুজন। এনিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন শ্রদ্ধা। রীতিমতো ক্ষোভ উগরে দিলেন মিডিয়ার ওপর। খবর: জিনিউজের। বলিউড অভিনেতা-পরিচালক-প্রযোজক ফারহান আখতারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শ্রদ্ধা জানালেন, তিনি এখনও 'সিঙ্গল'। আর এই 'সিঙ্গলহুড' দারুন এনজয় করছেন। তিনি বলেন, 'আমি প্রথমে এই সমস্ত খবর শুনে খুব রেগে গিয়েছিলাম। আমার বাবা-মা আমাকে শান্ত করেন।
তারা বলেন, গুজব জীবনেরই অঙ্গ। সিঙ্গল হয়ে খুবই খুশিতে আছি।' তবে ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি শ্রদ্ধা। তিনি বলেন, 'আমি বুঝতে পারি না- কীভাবে লোকে এরকম গুজব তৈরি করে। এটা খুবই অশোভনীয় একটা কাজ।' এই অভিনেত্রী আরও  বলেন, 'এরকম একটা গুজব রটানোর সময়, যার সম্পর্কে গুজব রটানো হচ্ছে, তার সম্মানের কথা ভাবা উচিত। কাউকে অসম্মান করার অধিকার কারও নেই।' খুব শিগগিরই শ্রদ্ধা কাপুর এবং ফারহান আখতারকে 'রক অন টু'তে দেখা যাবে। ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

No comments:

Post a Comment