Tuesday, November 15, 2016

রায়পুরায় পুলিশের ওপর হামলায় ২ মামলা

নরসিংদীর রায়পুরায় ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে রায়পুরা থানায় পুলিশ বাদী হয়ে প্রায় তিন শতাধিক গ্রামবাসীকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। সহকারী পুলিশ সুপার (সার্কেল) বশির উদ্দিন জানান, মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে আড়াইশ গ্রামবাসীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন। দুটি মামলার একটি বাদী রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। তিনি বিস্ফোরক আইনে নিলক্ষার আবদুল মতিনকে প্রধান আসামি করে ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন। অন্য মামলার বাদী উপ-পরিদর্শক ওবায়দুর রহমান সোনাকান্দী গ্রামের তৌকির আহমেদকে প্রধান আসামি করে ১৬০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সকালে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে  গত শনিবার সকালে দুইপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিনদিন যাবৎ দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। উভয় পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় । সর্বশেষ সোমবার সকালে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের উপস্থিতিতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এসময় উত্তেজিত গ্রামবাসী পুলিশের ওপর ককটেল ও টেটা নিক্ষেপ শুরু করেন।  এসময় পুলিশ ও গ্রামবাসী ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে  পুলিশ টিয়ার শেল, রাবারবুলেট ,সাউন্ড গ্যানেড ও শটগানের গুলিসহ প্রায় তিন শতাধিক গুলি ছুঁড়েন। এতে ককটেলের স্প্লিন্টারে আহত হন রায়পুরা থানার ওসি আজহার উদ্দিনসহ ৫০ জন।

No comments:

Post a Comment