ফ্রান্সে
আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন
হবে। সে নির্বাচনে মধ্য ডানপন্থী রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইপর্ব
থেকে বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। স্থানীয় সময় রোববার
রিপাবলিকানদের বাছাইয়ের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েন তিনি। এর মধ্য দিয়ে
ফ্রান্সের রাজনীতিতে সাবেক এই প্রেসিডেন্টের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি
ঘটল বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।
অবশ্য বাদ পড়ার পর সারকোজি ফ্রাঁসোয়া ফিলনকে সমর্থন দিয়েছেন। পরে দেখা
গেছে, প্রথম রাউন্ড শেষে তিনিই সবচেয়ে এগিয়ে আছেন। আর দ্বিতীয় অবস্থানে
আছেন অ্যালেইন জুপ।
তারা দু'জনই ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী। আগামী
রোববার আবার তারা প্রার্থিতা দৌড়ে মুখোমুখি হবেন। ফিলন এবং জুপের মধ্য থেকে
জয়ী ব্যক্তি হবেন আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলের
প্রেসিডেন্ট প্রার্থী। বাছাইপর্বে হারার পর এক বক্তৃতায় ৬১ বছর বয়সী
সারকোজি বলেন, 'আমার কোনো তিক্ততা নেই, কোনো দুঃখ নেই এবং আমি দেশের জন্য
সবচেয়ে ভালোটা প্রত্যাশা করি।' ৬২ বছর বয়সী ফিলন সারকোজির শাসনামলে
(২০০৭-২০১২) দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিশ্লেষকদের মতে,
রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে জয়ী প্রার্থী কট্টর ডানপন্থী মেরিন লা
পেনের সঙ্গে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হতে পারেন। প্রেসিডেন্ট
ফ্রাঁসোয়া ওলাদেঁর নেতৃত্বাধীন সমাজতন্ত্রীদের জনপ্রিয়তা ইতিমধ্যে কমেছে।
তারা বিভক্ত। তাই কোনো বামপন্থী প্রার্থী আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয়
প্রেসিডেন্ট বাছাইপর্বের প্রথম রাউন্ডই উৎরাতে পারবে না বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী জরিপগুলোতে দেখা যায়, আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় দ্বিতীয়
রাউন্ডে জয়ী হবে মধ্য ডানপন্থী প্রার্থী।

No comments:
Post a Comment