Wednesday, November 9, 2016

তামিমের কাছে হার মাশরাফির

জাতীয় দলে মাশরাফি মুর্তজার সবচেয়ে কাছের মানুষ তামিম ইকবাল। সেই তামিমই কিনা আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির ১৫ বছর পূর্তির দিনটা বিষাদময় করে তুললেন! তামিমের চিটাগাং ভাইকিংয়ের বিপক্ষে ২৯ রানের হার দিয়ে বিপিএল অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মেঘলা ক্যানভাসে সূর্যের সরব উপস্থিতি নিশ্চিত হওয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের চারদিন পর কাল আবার নতুন করে শুরু হল বিপিএলের চতুর্থ আসর। শুরুতেই বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে এবারের আসরের অন্যতম ফেভারিটের লড়াই। ম্যাচের আবহ রোমাঞ্চকর হলেও মাঠের খেলায় তার প্রতিফলন পড়ল সামান্যই। গত আসরের তলানির দলের সঙ্গে লড়াইটা জমাতেই পারল না চ্যাম্পিয়নরা। অধিনায়ক তামিম ইকবালের ঝড়ো ফিফটির পর মোহাম্মদ নবীর দুর্দান্ত বোলিংয়ে দাপুটে জয় পেল চিটাগাং ভাইকিংস। টস হেরে ব্যাট করতে নেমে চিটাগাং তিন উইকেটে ১৬১ রান করে। জবাবে নাজমুল হোসেনের অপরাজিত ৫৪ রানে আট উইকেটে ১৩২ রান তুলতে পারে কুমিল্লা। সব ধরনের ক্রিকেটেই দুর্দান্ত ফর্মে আছেন তামিম।
কাল ২৩ রানের সময় একবার ক্যাচ দিয়ে বেঁচে যান এই বাঁ-হাতি। ডিপ কভারে ক্যাচটা ছাড়েন নাহিদুল ইসলাম। এরপর দ্রুতই পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। শেষ পর্যন্ত তামিম এনামুল হক বিজয়ের কারণে রান আউট হয়ে ফেরেন। ৩৮ বলে ছয়টি চার ও দুটি ছয়ে তামিম করেন ৫৪ রান। শেষদিকে শোয়েব মালিকের ৪২* এবং জহুরুল ইসলামের ২৯* রানে তিন উইকেটে ১৬১ রান তোলে চিটাগাং। জবাবে কুমিল্লা শুরুতেই ইমরুলের উইকেট হারায়। এরপর মারলন স্যামুয়েলসের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। কিন্তু চিটাগাংয়ের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। শুরুতে উইকেট এনে দেন ডুয়ানে স্মিথ। এরপর আবদুর রাজ্জাক ফেরান স্যামুয়েলসকে। পরে টাইমাল মিলসের পেস ও মোহাম্মদ নবীর ঘূর্ণিতে ঘুরে দাঁড়াতে পারেনি কুমিল্লা। ম্যাচ সেরা নবী মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। ১৯তম ওভারের সময় কুমিল্লার রান ছিল আট উইকেটে ১১৪। শেষ ওভারে তাসকিনকে টানা চারটি চার মারেন ১৮ বছর বয়সী নাজমুল হোসেন। কিন্তু তাতে হারের ব্যবধানই শুধু কমেছে। কুমিল্লা ১৩২ রানে থেমে যায়। বিপিএল অভিষেকেই ৪৪ বলে নাজমুল অপরাজিত থাকেন ৫৪ রানে। কাল টি ২০ ক্রিকেটে অভিষেক হয়েছে জাকির হাসান ও নাহিদুল ইসলামেরও।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং ভাইকিংস ১৬১/৩, ২০ ওভারে (তামিম ইকবাল ৫৪, এনামুল হক ২২, শোয়েব মালিক ৪২*, জহরুল ইসলাম ২৯*, ইমদাদ ওয়াসিম ১/২২)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৩২/৮, ২০ ওভারে (লিটন দাস ১৩, মারলন স্যামুয়েলস ২৩, নাজমুল হোসেন শান্ত ৫৪*, আল-আমিন ১৪। মোহাম্মদ নবী ৪/২৪)। ফল : চিটাগাং ভাইকিংস ২৯ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ নবী (চিটাগাং ভাইকিংস)।

No comments:

Post a Comment