‘অঙ্গার’ ও ‘নিয়তি’ বাণিজ্যিক ধারার দুটি ছবি মুক্তি পেয়েছে ঢাকাই ছবির উঠতি নায়িকা জলির। দুটি ছবিই ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। তাই অনেকেই মনে করেছিলেন এ নায়িকার পথচলা বেশিদূর যাবে না। শিগগিরই তল্পিতল্পা গুটিয়ে চলে যাবেন। কিন্তু না। ব্যর্থতাই যে সাফল্যের সোপান এ কথা ছোটবেলাই আত্মস্থ করেছেন জলি। তাই পিছু ফিরে তাকানো নয়, নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করালেন। এবার কমার্শিয়াল ছবি নয়, আর্টফিল্মের মাধ্যমে নিজেকে প্রমাণ করার পথ বেছে নিলেন। ইমদাদুল হক মিলনের ‘মেয়েটি এখন কোথায় যাবে’ উপন্যাস অবলম্বনে একই নামে নাদের চৌধুরী নির্মাণ করছেন ছবিটি। এর মূল দুই চরিত্রে অভিনয় করছেন জলি। তার বিপরীতে রয়েছেন শাহরিয়াজ।
ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ প্রসঙ্গে জলি বলেন, ‘আমি মনে করি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নিজেকে যোগ্য প্রমাণ করেই থাকতে হবে। আর এজন্য প্রধান অস্ত্র হচ্ছে অভিনয়। যা আয়ত্ব করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর্টফিল্মে যেহেতু অভিনয়ের সুযোগ বেশি থাকে তাই এ ছবিটি আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করি টিকে থাকার লড়াইয়ে আমি জয়ী হব। এ জন্য চাই দর্শকদের সহায়তা।’ বারবার টিকে থাকার প্রশ্ন আসছে কেন জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘অনেকেই মনে করছেন অভিনয়ে আমি বসন্তের কোকিল। আজ আছি তো কাল নেই। আমার অভিনয় নিয়েও অনেকে সরাসরি আমাকে আঘাত করার চেষ্টা করেন। বিষয়টি আমি ভালোভাবেই নিই। কারণ আমি নতুন। আমার আরও অনেক কিছু শেখার আছে। দর্শকদের কাছে এখনও আমি নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারিনি। যারা আমার ভুল নিয়ে কথা বলেন তাদের কারণে ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পাচ্ছি।’ মেয়েটি এখন কোথায় যাবে ছবিটিতে কৃষ্ণকলির চরিত্রে অভিনয় করেছেন জলি। সম্প্রতি শুটিং শেষে ভোলা থেকে ঢাকায় ফিরেছে এ নায়িকা।

No comments:
Post a Comment