সংক্ষিপ্ত ফরম্যাটের দলে নিয়মিত সুযোগ না পাওয়ায় একসময় বেশ ক্ষোভ ছিল মুমিনুল হকের। কিন্তু আস্তে আস্তে বাস্তবতা মেনে নিয়েছেন। অন্যদের মতো এখন মুমিনুলও নিজেকে টেস্ট খেলোয়াড় হিসেবে ধরে নিয়েছেন। তবে পারফর্ম করলে সংক্ষিপ্ত ফরম্যাটেও সুযোগ পাবেন বলে বিশ্বাস রয়েছে তার। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্পের জন্য বাংলাদেশ ২২ সদস্যের দল ঘোষণা করেছে। মুমিনুলও রয়েছেন এই দলে। কাল মিরপুর একাডেমি মাঠে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় না আমার সামর্থ্য নেই, আমার সামর্থ্য আছে। হয়তো আমি একটু ওয়ানডে কম খেলি, এজন্য টেস্ট খেলোয়াড় হিসেবে ধরা হয় আমাকে। এখন যদি বিপিএলসহ অন্যান্য টুর্নামেন্টেগুলোতে ভালো পারফর্ম করি, তাহলে একসময় আমাকে নিতে বাধ্য হবেন নির্বাচকরা। সব কিছুর ঊর্ধ্বে পারফরম্যান্স।’ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বড় কোনো প্রত্যাশা না থাকায় নিজের ওপর কোনো চাপ নেই বলে মনে করছেন মুমিনুল। তিনি বলেন,
‘আমার কোনো চাপ নেই, আমার হারানোরও কিছু নেই। সবাই জানেন, আমি টেস্ট খেলোয়াড়, তাই আমার হারানোর কিছু নাই, আর প্রমাণ করারও কিছু নাই। আমার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু করার চেষ্টা করব।’ নিজের বিশ্বাস নিয়েই এগিয়ে যেতে চান মুমিনুল। তিনি বলেন, ‘নিজের ওপর বিশ্বাস থাকতে হবে। আমি যে সংস্করণেই খেলি আমার সে বিশ্বাস আছে, সেই বিশ্বাস নিয়েই খেলব। শুধু আমার সামর্থ্য প্রমাণ করার চেষ্টা করব।’ এই বাঁ-হাতি ব্যাটসম্যান মনে করেন, লক্ষ্য বড় না হলে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। প্রায় ১৫ মাস পর মুমিনুল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। চার ইনিংসে করেছেন ০, ২৭, ৬৬ ও ১ রান। বিপিএলে মুমিনুল খেলছেন রাজশাহী কিংসের হয়ে। কাল বিপিএলের অনুশীলন শেষে তিনি বলেন, ‘লক্ষ্যটা বড় হতে হবে। যদি লক্ষ্য বড় থাকে, অনেকদিন বাংলাদেশ দলে খেলার স্বপ্ন থাকে বা কিছু অর্জন করার ইচ্ছা থাকে তাহলে সবকিছু সেভাবেই চিন্তা করা হয়।’ বিপিএলে মুমিনুলের দলটা তরুণদের নিয়ে গড়া। দলে রয়েছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নূরুল হাসান সোহানের মতো তরুণ ক্রিকেটার। অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। রাজশাহী কিংস সম্পর্কে মুমিনুল বলেন, ‘আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ। খুব বড় কোনো সুপারস্টার নাই তবে যারা আছে তারা খারাপ না। আর টি ২০ ক্রিকেটে যে কোনো দল হঠাৎ ভালো খেলে ফেলতে পারে।’

No comments:
Post a Comment