Thursday, November 24, 2016

শিশুকে শাসন করুন আদরে

শিশু দুষ্টুমি করবে- এটাই স্বাভাবিক। যা করতে মানা করবেন, তার উল্টোটাই করা পছন্দ করবে সে। তখন হয়তো রাগ করে চরই মেরে বসলেন। এ রকম তো কতবার হয়েছে, বাচ্চা দুষ্টুমি করেছে, হয়তো আপনি শাস্তিও দিয়েছেন। কিন্তু তাতে কী কোনো লাভ হয়েছে? আসলে বাচ্চাকে মেরে বা শাস্তি দিয়ে ভালো-মন্দ শেখানো যায় না। আপনি যদি সব সময় বাচ্চাকে শাসন করেন, তবে ওর মধ্যে একটি নেগেটিভ মনোভাব তৈরি হবে। শিশুরা অনুকরণপ্রিয়। সাধারণত ওরা বড়দের দেখেই শেখে। তাই ওদের কিছু শেখানোর আগে নিজেদের ব্যবহারের দিকেও খেয়াল রাখতে হবে। বাচ্চাকে শাসন করার আগে প্রথমে আপনাকে বন্ধুর মতো মিশতে হবে। ওর সব কথা মন দিয়ে শুনতে ও বুঝতে চেষ্টা করুন। আসল কথা- শাসন করে নয়, বাচ্চাকে আদর-সোহাগ দিয়ে ভালো-মন্দ শেখান।
আসুন এ ব্যপারে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ জেনে নিই :
* অনেক সময় দেখা যায়, আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, ঠিক এ সময় শিশু আপনাকে খুব বিরক্ত করছে। আপনি রেগে গিয়ে হয়তো ওকে শাস্তি দিলেন,  এতে কী শিশুর কোনো উপকার হবে? এর পরিবর্তে যদি আপনি আপনার কাজে সন্তানকে সাহায্য করতে বলেন, তবে সে কাজ করতে উৎসাহী হবে এবং আপনি আপনার প্রয়োজনীয় কাজটিও তার হাতে করে ফেলতে পারবেন।
* আপনার বাচ্চা হোমওয়ার্ক করতে চাইছে না। আপনি বকে বা মেরে ওকে দিয়ে কোনোভাবেই হোমওয়ার্ক করাতে পারছেন না। এসময় তাকে বলুন, যদি হোমওয়ার্ক না কর তাহলে তুমি তোমার বন্ধু থেকে পিছিয়ে পড়বে। দেখবেন নিজেই হোমওয়ার্ক করার জন্য আগ্রহ দেখাবে।
* বাচ্চাকে উৎসাহ দিন। মাঝে-মধ্যে ওর প্রশংসা করুন।
* বাচ্চারা অনেক সময় দেখা যায় এমন কথা বলে ফেলে, যা বলা উচিত নয়। এতে আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এসময় তাকে বোকা দিলে এতে সন্তান মানসিকভাবে আহত হতে পারে, আপনাকে ভুল বুঝতে পারে। কাজেই রাগ না করে বাচ্চাকে বুঝিয়ে বলুন যে, ওর ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন। তাহলে বাচ্চা আপনার অবস্থাটা বুঝতে পারবে।
* অনেক সময় দেখা যায় বাচ্চারা গোসল করতে চায় না। তখন ওর সঙ্গে জোর করবেন না। এ রকম পরিস্থিতিতে যদি বলেন, আপনারা দুজনে মিলে গোসল করবেন, অনেক পানি জমিয়ে মজা করবেন, দেখবেন তখন আর গোসল করতে আপত্তি করবে না।
* বাচ্চা স্কুলে যেতে চাইছে না, হাত-পা ছোড়াছুড়ি করছে। এসময় ওকে জিজ্ঞেস করুন ক্লাসে তোমার বন্ধুর জন্মদিনে কী উপহার দেয়া যায়। তখন দেখবেন ও নিজ থেকেই স্কুলে যাওয়ার আগ্রহ প্রকাশ করবে।
* বাচ্চাকে জোর করে কিছু শেখাতে যাবেন না। ওকে ওর ভালো-মন্দ বোঝার সুযোগ দিন। একটু ভালোবাসা ও ধৈর্য নিয়ে আপনার বাচ্চাকে কাছে টেনে, বুকে জড়িয়ে নিন, দেখবেন ঠিকই আপনার কথা মেনে চলছে।
* বাচ্চাকে কখনও অন্য বাচ্চাদের সঙ্গে তুলনা করবেন না।
* সমালোচনা এড়িয়ে চলুন। সমালোচনা করলে বাচ্চা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে।
* বাচ্চার কথা শোনার ও বোঝার চেষ্টা করুন।

No comments:

Post a Comment