Monday, November 14, 2016

অপেক্ষা বাড়ল মুশফিকের

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয় মুশফিকুর রহিমকে। মাঝে কয়েকটি ম্যাচে অবশ্য রান পাননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে রানে ফিরেছেন। বিপিএলে তো সব সময়ই দুর্দান্ত মুশফিক। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান তার। পাঁচ রানের জন্য কাল রাজশাহী কিংসের বিপক্ষে এক হাজার রান পূর্ণ করতে পারেননি এই ডান-হাতি ব্যাটসম্যান। অপেক্ষা বাড়ল তার। হয়তো পরের ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। বিপিএলে ৩৭ ম্যাচে ৪১.৪৫ গড়ে তার রান এখন ৯৯৫। বাংলাদেশের এই ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে রানে তার ধারেকাছে নেই আর কোনো ব্যাটসম্যান। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের ৭৭৫। টি ২০ ক্রিকেটে মুশফিকের সর্বোচ্চ স্কোর ৮৬।
কাল সুযোগ ছিল এই টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেয়ার। শেষ ওভারে স্ট্রাইক না পাওয়ায় পারলেন না তিনি। ৫২ বলে পাঁচ চার ও চার ছয়ে ৮১ রানে অপরাজিত থাকেন। বিপিএলে এদিন এক হাজার রান পূর্ণ করতে না পারলেও সব ধরনের টি ২০ ম্যাচ মিলিয়ে আগেই মুশফিকুরের দুই হাজার রান পূর্ণ হয়েছে। সব ধরনের টি ২০ ম্যাচ মিলিয়ে মুশফিকুরের রান এখন ২১৪৩। আন্তর্জাতিক টি ২০ ম্যাচে তার রান ৫৭ ম্যাচে ৭০৩। ক্রিস গেইলের পর বিপিএলে মুশফিকুরের ছক্কা দ্বিতীয় সর্বোচ্চ ৩২টি। বিপিএলে সবচেয়ে বেশি ৪০ ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন পঞ্চম সর্বোচ্চ ৭৩২ রান।

No comments:

Post a Comment