দিনকয়েক
ছুটি পেয়ে সাতক্ষীরা ঘুরে এলেন মুস্তাফিজুর রহমান। ছুটিতে যাওয়ার আগে
বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছে কয়েকদিন অনুশীলন করেছেন এই বাঁ-হাতে পেসার।
ওয়ালশ বলেছিলেন, মুস্তাফিজ ৫০ ভাগ শক্তি দিয়ে বোলিং করতে পারছেন। এই
ক’দিনে তার আরও উন্নতি হয়েছে। কাল অনুশীলনে ৬৭ শতাংশ সামর্থ্য দিয়ে বোলিং
করেছেন মুস্তাফিজ। তবে নতুন ফিজিও ইংল্যান্ডের ডিন কনওয়ে মনে করছেন, পুরো
ফিট হতে তার এখনও তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। নিউজিল্যান্ড সফরে
স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে ২৬ ডিসেম্বর। তার
আগে সিরিজের প্রস্তুতির জন্য ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। কাল
মিরপুর একাডেমি মাঠে চার ওভারের স্পেলে শুরুর দিকে ছোট রানআপে বল করেছেন
মুস্তাফিজ।
তাতে স্বাচ্ছন্দ্যবোধ করায় ট্রেনার মারিও ভিল্লাভারায়ন রানআপ
আরও দুই ধাপ বাড়িয়ে দিতে বলেন। তাতেও স্বাচ্ছন্দ্যেই বোলিং করে গেলেন এ
বাঁ-হাতি পেসার। এভাবে রানআপ একটু একটু বাড়তে থাকলে নিউজিল্যান্ড সিরিজে
‘কাটার মাস্টারের’ দলে থাকা নিয়ে অনিশ্চয়তাই আর থাকবে না। খেলতে পারবেন সব
ফরম্যাটেই। ফিজিও ডিন কনওয়ে মুস্তাফিজের বোলিং দেখার পর সংবাদমাধ্যমকে
বলেন, ‘তিন-চার সপ্তাহের মধ্যে পুরো ফিট হয়ে যাবে মুস্তাফিজ। নিউজিল্যান্ডে
সব ফরম্যাটে যেন খেলতে পারে তার জন্যই আমরা তাকে প্রস্তুত করব। এখন
পর্যন্ত তার উন্নতি খুবই ভালো।’ বাঁ-কাঁধের চোটে পড়ে গত ১১ আগস্ট লন্ডনে
শল্যবিদ অ্যান্ড্র– ওয়ালেসের কাছে অস্ত্রোপচার হয় তার। ইনজুরির কারণে ঘরের
মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলা হয়নি মুস্তাফিজের। বিপিএলেও
খেলতে পারছেন না তিনি। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে
পূর্ণাঙ্গ সিরিজে খেলার জন্য মুখিয়ে আছেন মুস্তাফিজ।

No comments:
Post a Comment