পুরান
ঢাকায় কেরোসিন দিয়ে যমুনা টিভির দুই সাংবাদিককে হত্যাচেষ্টায় জড়িতদের
দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঘটনায় জড়িতদের বিচার দাবিতে আয়োজিত এক
মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও
সাংবাদিকতা বিভাগ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিকতা
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান,
ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল, বিভাগের সাবেক শিক্ষার্থী
সোলায়মান নিলয়, যমুনা টেলিভিশনের জেষ্ঠ্য প্রতিবেদক মনির হোসেন, ঢাবি
সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ। ভিসি অধ্যাপক
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকরা পেশাগত কাজ করতে গিয়ে বিভিন্ন
জায়গায় তথ্য সংগ্রহ করবে। পরে তা প্রতিবেদন আকারে প্রকাশ করবে। সেখানে যদি
কারো বক্তব্য প্রকাশিত না হয় তাহলে প্রতিবাদলিপি পাঠাতে পারে।
যদি
সেটিও প্রকাশিত না হয় তাহলে প্রেস কাউন্সিলে যেতে পারে। এসব কিছু উপেক্ষা
করে যে ঘটনা ঘটলো তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয়। বক্তারা বলেন, গণমাধ্যমের
স্বাধীনতা জনগণের স্বাধীনতার সাথে সম্পৃক্ত। কেরোসিন দিয়ে সাংবাদিক
হত্যাচেষ্টা সভ্যসমাজে চিন্তা করাটা দূরহ ব্যাপার। গণমাধ্যমের স্বাধীনতা না
থাকলে রাষ্ট্র সঠিকভাবে চলবে না। সকল ক্ষেত্রে স্বচ্ছতার অভাব দেখা দেবে।
এতে করে বাধাগ্রস্থ হবে সমৃদ্ধ দেশ গড়ার প্রয়াস। এসময় তারা অবিলম্বে ঘটনায়
জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। ঢাবি সাংবাদিক সমিতির প্রতিবাদ:
এদিকে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সোমবার সমিতির
দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নয়ন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা
জানান সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ। বিবৃতিতে তারা
বলেন, অবিলম্বে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে
করে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার মতো জঘন্য কাজের পুনরাবৃত্তির
দু:সাহস না দেখায়।

No comments:
Post a Comment