Monday, November 7, 2016

নাসিরনগরে গ্রেপ্তার আরও ২৩, নতুন দুই মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে দ্বিতীয় দফায় অগ্নিসংযোগের ঘটনায় আরও নতুন দুটি মামলা করেছে পুলিশ। নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, ভাঙচুরের দুই মামলায় সন্দেহভাজন হিসেবে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দুই মামলায় এ পর্যন্ত মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, ভাঙচুর পরবর্তী সময়ে ৫টি বাড়িতে আগুন দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও দুটি মামলা করেছে। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।
>>>মানবজমিন

No comments:

Post a Comment