কাশ্মীরের
নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় গোলায় সাতজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে
পাকিস্তান সেনাবাহিনী। রোববার রাতে ভিম্বর সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় এই
ঘটনা ঘটে বলে সোমবার এক বিবৃতিতে জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ
পরিদফতর-আইএসপিআর। খবর রয়টার্সের। এ ঘটনার ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র
মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি
কোনও মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে পাকিস্তানী সংবাদ মাধ্যম
ডন জানিয়েছে, সাত সেনা নিহতের ঘটনায় ভারতের কাছে তীব্র নিন্দা জানিয়েছেন
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া।
তিনি অভিযোগ করেন, বিনা
উসকানিতে ভারত গুলি চালিয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনী সঙ্গে সঙ্গেই
যথাযথ জবাব দিয়েছে। যেসব সেনা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে আমরা তাদের
সেল্যুট জানাই। উল্লেখ্য, গত জুলাই মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিজবুল
মুজাহিদিনি কমান্ডার বোরহান ওয়ানি ভারতীয় পুলিশ হেফাজতে নিহত হওয়ার ঘটনাকে
কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যার প্রেক্ষাপটে
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে এক গুপ্ত হামলার ঘটনায় দেশটির
১৯ জন সেনা নিহত হয়। এরপর থেকে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে একের
পর গুলি বিনিময়ের ঘটনা ঘটছে।

No comments:
Post a Comment