Monday, November 7, 2016

ডিসপোজেবল নয়, শিশুকে পরান কাপড়ের লেংটি

ছোট্ট সোনামনি যখন ঘর আলো করে আসে, তখন তাকে নিয়ে কতই না চিন্তা থাকে আপনার। মা-বাবা হিসেবে সন্তানের ভালো-মন্দের প্রতি একটু বেশী নজর রাখেন আপনারা। তার খাওয়া-দাওয়া, পরিচর্যা, পরিচ্ছন্নতা থেকে শুরু করে কোনও কমতি রাখেন না। শিশুর সমস্যা হতে পারে তাই সব সময় বিশেষ নজর রাখেন। সেই বিশেষ নজর বা খেয়াল রাখার একটি দিক হল, শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা। তাদের বাড়তি যত্ন মানে শিশুকে ডায়পার পরিয়ে রাখা। তা এই পরিচ্ছন্নতার কথা যখন উঠলই, তখন ডায়পারের কথায় আসা যাক। বাজারে গেলে হরেক ফ্যাশনের ডায়পার পাওয়া যাবে। আপনার শিশুর জন্যে ঠিক কোনটা জুতসই হবে, সেই সিদ্ধান্তে পৌঁছতে হয়তো বেশ বেগও পেতে হতে পারে আপনাকে। কারণ কোন ডায়পার কী জিনিস দিয়ে তৈরি?
তা আপনার শিশুর ত্বকের পক্ষে উপকারী কি না, দামই বা কত, মাসে আপনার বাজেট ছাড়িয়ে যাবে কিনা, ইত্যাদি নানা বিষয় মাথায় রাখতে হয়। গবেষকদের মতে, শিশুর জন্মের পর থেকেই ডায়পার পরানো হয়। শিশুর ত্বক অত্যন্ত কোমল এবং নাজুক, তাই ডিসপোজেবল ডায়পার পরানোর কারণে অনেক শিশুর র‌্যাশ হয়। যখন মল-মূত্র বা বর্জ্য শরীরে সঙ্গে চেপে থাকে তখন শিশুর কোমল ত্বকের ক্ষতি হয়। যদি সঠিক সময়ে এ র‌্যাশ সারানো না হয় তাহলে শরীরে ঈস্ট ইসফেকশানের জন্ম দেয়। ঈস্ট মূলত উষ্ণ, ভেজা ও অন্ধকার পরিবেশে দ্রুত বিস্তার লাভ করে। তবে ভয় পাওয়ার কারণ নেই, সঠিক পরিচর্যায় তা সেরেও যায়। তবে সত্য কথা হলো, বাজারের নামি-দামি ব্রান্ডের ডায়পার একটাও না কিনেও আপনি সন্তান লালন করতে পারেন! না না, তাই বলে শিশুকে ডায়পার না পরিয়েই রাখতে বলছি না। আমরা বলছি, সাধারণ কাপড়ের তৈরি ডায়পার পড়াতে, যা কিনতেও পারেন বা বাড়িতেও কাপড় কেটে তৈরি করতে পারেন। মানে বাংলায় যাকে বলে লেংটি। কাপরের লেংটি বা ডায়পারে প্রচুর উপকারিতা রয়েছে যা বাইরের ওই ব্র্যান্ডের ডায়পারে পাবেন না। আসুন কাপরের নেংটির উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই-
ত্বকের জন্য উপকারী : বাইরের যে ডিসপোজেবল (নিষ্পত্তিযোগ্য)  ডায়পার কিনতে পাওয়া যায়, তাতে শিশুর কোমল ত্বকে গরমে, ঘষাঘষিতে ফুসকুড়ি বেরোতে পারে। এই ডায়পারগুলি যেহেতু খোলা নয়, তাই ওগুলিতে হাওয়া ঢোকে কম আর তাই সমস্যা দেখা দেয়। এই ডায়পারগুলি বারবার প্রস্রাব শুষে নেয়ার ফলে তা বেশিক্ষণ পরিয়ে রাখাও অনুচিত। নরম কাপড়ের ডায়পার সেদিক থেকে প্রস্রাবের সঙ্গে সঙ্গেই বদলে ফেলা যায়। এতে সংক্রমণ হওয়ার সম্ভাবনাও কম। সব মিলিয়ে ত্বক থাকে পরিচ্ছন্ন আর আপনার শিশুও থাকে মহা ফূর্তিতে।
সুষ্ঠু মলমূত্র ত্যাগের অভ্যেস : কাপড়ের ডায়পারে যেহেতু একবার মলমূত্র ত্যাগ করলেই তা বদলানোর প্রয়োজন পড়ে, তাই শিশু তাড়াতাড়ি শিখে যায় কখন তার পোশাক বদলের সময় হয়েছে। একটু অভ্যেস হয়ে গেলেই অস্বস্তিতে সে জানিয়ে দেবে যে তার ডায়পার ভিজে গিয়েছে আর তাড়াতাড়ি বদলানোর ফলে সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। ডিসপোজেবল (নিষ্পত্তিযোগ্য)  ডায়পার ব্যবহার করা শিশুর এই জ্ঞান আসতে বেশি সময় লাগবে।
খরচ : কাপড়ের ডায়পার নিঃসন্দেহে আপনার অনেক খরচ বাঁচাবে। ডিসপোজেবল ডায়পার যেহেতু একবারের বেশি পরা যায় না, তাই তা দাম দিয়ে কিনতে হয়। এছাড়া ব্র্যান্ডের দাম তো আছে। অবশ্য, ডিসপোজেবল ডায়পার যে একদমই হেলাফেলার তা নয়। যদি বাইরে কোথাও যান, তখন শিশুকে ডিসপোজেবল ডায়পার পরিয়ে নিয়ে যাওয়ায় ভালো। কারণ রাস্তাঘাটে ঘরোয়া লেংটি খোলা আর পরিষ্কার করার সমস্যা হতে পারে।
বার বার ব্যবহার : কাপড়ের ডায়পার বা লেংটি ধুয়ে অনেকদিন ব্যবহার করা যায়। তবে কাপড়ের ডায়পার অবশ্যই ডেটল দিয়ে ধোবেন, পুনরায় ব্যবহারের আগে শিশুর যাতে কোনও রকম সংক্রমণ না হয়। পরিষ্কার হওয়া ছাড়াও ডায়পার যেন শুকনো থাকে।
রাসায়নিক বা ক্ষতিকারক নয় : বাজারের ডায়পার যেহেতু ব্যবসায়িক পণ্য, তাই তাতে নানারকম এটা-সেটা রাসায়নিক ব্যবহার হয়ে থাকে যা শিশুর শরীরের পক্ষে মোটেই ভালো নয়। অন্যদিকে, কাপড়ের ডায়পারের সেরকম ক্ষতিকারক কোনও দিক নেই। অতএব, এটিই ভালো আপনার বাচ্চার পক্ষে।
হালকা পরে আরাম : সুতি, তুলো, ফ্লানেল ইত্যাদি দিয়ে তৈরি কাপড়ের ন্যাপি দোকানের ডায়পারের থেকে হালকা হয় এবং শিশুরা পরে আরাম পায়।
দুর্গন্ধ হয় না : বদ্ধ হওয়ার ফলে এবং বারংবার প্রস্রাবের কারণে ডিসপোজেবল ডায়পারগুলির প্যাডের মধ্যে খুব তাড়াতাড়ি দুর্গন্ধ দেখা দেয় যা বাচ্চার শরীরের পক্ষে ভালো নয়। কাপড়ের ডায়পারে সেই সমস্যা নেই।
পরিবেশ বান্ধব : পরিবেশের কথা চিন্তা করলে ডিসপোজেবল ডায়পার মোটেও পরিবেশ বান্ধব নয়। এই যে এত এত ডায়পার রোজ ফেলা হচ্ছে, ভাবুন তো তাতে কত আবর্জনার সৃষ্টি হচ্ছে। কাপড়ের ন্যাপি তো সেদিক থেকে বলা যায় অনেক 'নির্দোষ'।
যৌনাঙ্গের সমস্যা : জার্মানিতে কয়েকজন বিজ্ঞানী সম্প্রতি জানিয়েছেন, যে সমস্ত ছেলে-মেয়েকে ছোটবেলায় অত্যাধিক ডিসপোজেবল ডায়পার পরিয়ে রাখা হয়, তাদের যৌনাঙ্গের সমস্যা দেখা দিতে পারে। বড় হলে তাদের বীর্য উৎপাদনও ব্যাহত হতে পারে। সব মিলিয়ে, কাপড়ের ডায়পার যেকোনও দিন ডিসপোজেবল (নিষ্পত্তিযোগ্য) ডায়াপারের থেকে অনেক বেশি ব্যবহারযোগ্য। তাই অবশ্যই বাজারের ডিসপোজেবল ডায়াপার নয় কাপড়ের তৈরি লেংটি ব্যবহার করবো আমরা। কষ্ট হলেও শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, কারণ সোনামনিদের আমরা অনেক ভালোবাসি।

No comments:

Post a Comment