Tuesday, November 8, 2016

মিরাজে মুগ্ধ বয়কট

অভিষেকেই আলো ছড়ানো বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজে মুগ্ধ জিওফ বয়কট। তিনি বলেছেন, মেহেদীর মতো উদীয়মান খেলোয়াড় ক্রিকেটের জন্য সুখবর। অল্পসময়ের ব্যবধানে বাংলাদেশের ক্রিকেটের যথেষ্ট উন্নতি হয়েছে বলে মনে করেন বয়কট। এদিকে আসন্ন টেস্ট সিরিজে ভারতের কাছে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হবে, তা মানতে নারাজ এই ধারাভাষ্যকার। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ইংল্যান্ড অধিনায়ক বয়কট বলেছেন, ‘মেহেদীর মতো একজন দুর্দান্ত বোলার খুঁজে পেয়েছে বাংলাদেশ। সে যদি নিয়মিত আমাদের এভাবে বিস্ময় উপহার দিতে থাকে তা হবে ক্রিকেটের জন্য সুখবর।’ ঢাকা টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওই টেস্ট সম্পর্কে বয়কট বলেন, ‘ঢাকা টেস্টে ইংল্যান্ডের এভাবে হারা উচিত হয়নি। বাংলাদেশের সীমিত ওভারের রেকর্ডের বিবেচনায় খুব অল্পসময়ে ক্রিকেটে তারা যথেষ্ট উন্নতি করেছে। বড় দলগুলোর বিপক্ষে তাদের জেতা অস্বাভাবিক কিছু নয়।’
বয়কট মনে করেন, বাংলাদেশে খেলে উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে ইংল্যান্ড। ভারতে ইংল্যান্ড ভালো কিছু করবে বলে আশাবাদী তিনি। বয়কট বলেন, ‘ভারতের আবহাওয়া ও পিচের সঙ্গে মানিয়ে নেয়া কঠিন। তাই বলে ইংল্যান্ড বাংলাদেশে যেভাবে খেলেছে, ভারতে সেভাবে খেলবে না। ভারত ও বাংলাদেশের পিচের বৈশিষ্ট্য প্রায় এক। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা ভারতে নিজেদের মানিয়ে নিতে ইংল্যান্ডকে সহায়তা করবে।’ ‘বাংলাদেশে খুব ভালো সময় পার করেছে ইংল্যান্ড। তাই ভারতে নিজেদের মানিয়ে নিতে কুকদের বেগ পেতে হবে না। ভারতের বিপক্ষে লড়াই করতে বাংলাদেশের অভিজ্ঞতা কুকদের সহায়তা করবে। তাছাড়া রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ইনজুরিতে থাকায় ইংল্যান্ড বাড়তি সুবিধা পাবে,’ বলেছেন বয়কট। তিনি বলেন, ‘সবাই কুক ও রুটকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু লোয়ার মিডলঅর্ডারে মঈন আলী, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড- এরা সবাই দলের জয়ে অবদান রাখতে পারে। আমি বিশ্বাস করি, টেস্ট সিরিজে সব ম্যাচ জেতা ভারতের জন্য কঠিন হবে।’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment