ভারতীয়
হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, তিস্তা নদীর পানি বন্টন চুক্তির
বিষয়ে ভারত-বাংলাদেশ কাজ করছে। খুব শিগগিরই এই বিষয়ে একটি সন্তোষজনক সমাধান
হবে বলে আশা করি। নদীর পানির প্রবাহ নিয়ে দু’দেশেরই স্বার্থ জড়িত। কারণ
ভারত-ভূটান ও বাংলাদেশ যৌথভাবে জলবিদ্যুৎ উৎপাদন করবে। এর অংশিদার ও
সুবিধাভোগী হবে তিন দেশ।
রোববার রাত ৯টায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড
ইন্ডাষ্ট্রিজ এর আয়োজনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নকে বাঁধাগ্রস্থ করছে।
বর্তমান সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় সাফল্যের প্রশংসা করে তিনি
বলেন, ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে এবং থাকবে। ভারতের বড় বড়
প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ বিষয়টি
প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে বাংলাদেশে ভারতের বিনিয়োগ শতকরা ৪৫ভাগ বেড়েছে।
গত কয়েক বছরে দু’দেশের বানিজ্য ঘটতি কমেছে। ভৌগলিক অবস্থানের কারণে
বাংলাদেশের রংপুর অঞ্চলের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় এই
অঞ্চলের স্থলবন্দর শুল্ক স্টেশন গুলোতে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন করার
পরিকল্পনা নেয়া হয়েছে। প্রতিটি স্থলবন্দরে একই ভবনেই দুই দেশের স্থলবন্দর
শুল্ক ষ্টেশনের কার্যক্রম চলবে। তিনি এ প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ফ্রান্স ও
জার্মানী একই ভবনে দূতাবাস স্থাপন করতে পারে তা হলে আমরা কেন এমনটি করতে
পারব না। তিনি আরও বলেন, দু’দেশের রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের
জন্য উদ্যোগ নেয়া হচ্ছে এবং যে সমস্ত রেল পথ বন্ধ রয়েছে সেগুলো চালু করার
প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এ অঞ্চলের জন্য সৈয়দপুর ও পার্ববর্তীপুর
পর্যন্ত ভারতের রেল যোগাযোগ চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে। তা হলে দুই
দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে। যা ব্যবসা বাণিজ্য
সম্প্রসারণে ব্যাপক ভুমিকা রাখবে। এর আগে সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনার
রংপুর আদি শহর মাহিগঞ্জের রামকৃঞ্চ মিশনের ভক্তদের সাথে মতবিনিময় করেন।
সেখানে তিনি রামকৃঞ্চ মিশন পরিচালিত কম্পিউটার সেন্টার, আবাসিক বিদ্যালয় ও
স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের জন্য ১ কোটি ২৩ লাখ বরাদ্দ ঘোষণা করে প্রথম
কিস্তির জন্য ১২ লাখ টাকার চেক হস্থান্তর করেন। চেম্বার সভাপতি আবুল
কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র
সরফুদ্দিন আহমেদ ঝন্টু, রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার, রংপুর পুলিশ
সুপার মিজানুর রহমান,ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, এফবিসিসিআই সাবেক সহ
সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ।

No comments:
Post a Comment