২০১৮
সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে বড় জয় তুলে
নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্প্যান। একই গ্রুপের খেলায় বড় ব্যবধানে জয়
নিশ্চিত করেছে ইতালিও। ফিফা র্যাংকিংয়ের ১৫৫তম দল মেসিডোনিয়ার বিপক্ষে
অবশ্য স্পেনের শুরুটা বেশ ভালো ছিল না। তবে শেষ পর্যন্ত ভিতোলো, নাচো মনরিল
ও আরিৎস আদুরিসের গোলে ও একটি আত্মঘাতীর বদৌলতে ৪-০ গোলের জয় বিশ্ব
চ্যাম্পিয়নরা। অন্যদিকে দুর্বল লিখটেনস্টাইনের বিপক্ষে প্রথমার্ধেই চার
গোলে এগিয়ে যায় ইতালি। কিন্তু বিরতির পর আর জালের দেখা পায়নি চারবারের
বিশ্ব চ্যাম্পিয়নরা। র্যাংকিংয়ে ১৮৩তম দল লিখটেনস্টাইনের জালে জোড়া গোল
করেন আন্দ্রেয়া বেলোত্তি। অন্য দুই গোলদাতা চিরো ইম্মোবিলে ও আন্দ্রেয়া
কান্দ্রেভা। শনিবার রাতে দুর্বল লিখটেনস্টাইনের বেহাল রক্ষণকে নিয়ে শুরু
থেকেই ছেলেখেলায় মেতে ওঠে ইতালি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল
করে তোলা দলটি গোলের লক্ষ্যে প্রথমার্ধেই ১৬টি শট নেয়, ৯টিই ছিল গোল বরাবর।
একাদশ মিনিটে ডিফেন্ডার আলেস্সিও রোমাগনোলির হেডে গোলমুখে বল পেয়ে টোকায়
গোল উৎসবের শুরু করে বেলোত্তি। পরের মিনিটেই ফাঁকায় বল পেয়ে গোলরক্ষককে
পরাস্ত করেন ফরোয়ার্ড ইম্মেবিলে। ৩২তম মিনিটে বাই-লাইন থেকে দি সিগলিওর
কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন
মিডফিল্ডার কান্দ্রেভা। আর ৪৪তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের
শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তোরিনোর ফরোয়ার্ড বেলোত্তি। গ্রানাদায়
ম্যাচের শুরু থেকে বল দখলে রাখলেও গোলা পাচ্ছিল না স্প্যানিশরা। ৩৪তম
মিনিটে নিজেদের ভুলে প্রথম গোল খায় অতিথি দলটি। দানিয়েল কারবাহালের ক্রস
হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন মিডফিল্ডার দার্কো
ভেলকোস্কি। ৬৩তম মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডেভিড সিলভার
গোলমুখে বাড়ানো ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিতোলো। শেষ দিকে পরপর দুই
মিনিটে দুবার বল জালে পাঠায় স্প্যানিশরা। ৮৪তম মিনিটে ডান দিক থেকে
রামোসের ক্রসে গোলরক্ষককে পরাস্ত করেন মনরিল। পরের মিনিটে বাঁ-দিক থেকে
সিলভার দারুণ রক্ষণচেরা পাসে ডান পায়ের শটে স্কোরশিটে নাম লেখান আদুরিস। এই
জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল স্পেন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে
পিছিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়াকে ৩-০
গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইসরায়েল। তিন পয়েন্ট কম নিয়ে
চতুর্থ আলবেনিয়া।

No comments:
Post a Comment