Tuesday, November 1, 2016

উত্তাপ ছড়াতে ফের মুখোমুখি বার্সা-সিটি

ক্ষতটা এখনও টাটকা। দু’সপ্তাহ আগেই ন্যুক্যাম্পে বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানসিটি। এবার নিজেদের ডেরায় সেই জ্বালা বার্সাকে ফিরিয়ে দেয়ার সুযোগ সিটির সামনে। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ফিরতি ম্যাচে আজ আবার দেখা হচ্ছে দুই দৈত্যের। সিটির মাঠে ড্র করলেই নকআউট পর্বে চলে যাবে বার্সা। অন্যদিকে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে সিটির জন্য জেতাটা খুব জরুরি। ন্যুক্যাম্পে যার হ্যাটট্রিকে চূর্ণ হতে হয়েছিল, প্রতিশোধের ম্যাচে সেই মেসিকেই সবচেয়ে বড় হুমকি মনে করছেন সিটি কোচ পেপ গুয়ারডিওলা। এদিকে বার্সেলোনার কাছে হারা গত পাঁচ ম্যাচের চারটিতে কোনো না কোনো সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।
তাই এবার লা লিগা চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে কোচ পেপ গুয়ারডিওলার চাওয়া, এবার যেন মেজাজ না হারায় তার শিষ্যরা। গুয়ারডিওলার আশা, এবার মেসিকে ভালোভাবে সামলাতে পারবে তার শিষ্যরা। অন্যদিকে ইতিহাদে নামার আগে মেসিও তার সাবেক কোচের প্রশংসায় পঞ্চমুখ। মেসির বিশ্বাস, গুয়ারডিওলার অধীনে সাফল্য পাবে সিটি। তবে আজ নিশ্চয় গুয়ারডিওলার সাফল্য কামনা করবেন না বার্সার আর্জেন্টাইন জাদুকর! আগে কখনও বার্সাকে হারাতে না পারলেও এবার অচলায়তন ভাঙার স্বপ্ন দেখছে ইংলিশ জায়ান্টরা। ছয় ম্যাচের জয়খরা ঘুচিয়ে শনিবার ওয়েস্ট ব্রমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন আগুয়েরো। জমজমাট এক ম্যাচের প্রত্যাশায় ফুটবলবিশ্ব।

No comments:

Post a Comment