Monday, November 14, 2016

ন্যাটো প্রধানের হুশিয়ারি

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এ জোটের সঙ্গে দূরত্ব সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। স্টোলটেনবার্গ বলেছেন, ‘এক প্রজন্মের মধ্যে আমরা সবচেয়ে বড় নিরাপত্তা-ঝুঁকি মোকাবেলা করছি।’ ব্রিটেনের দ্য অবজারভার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে ন্যাটো মহাসচিব আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে মতপার্থক্য আছে। কিন্তু আটলান্টিকের দু’পাড়ের নেতারা সব সময় স্বীকার করেছেন, ন্যাটোর অনন্য বন্ধন আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। একসঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা ছিল আমাদের গর্বের ইতিহাস। স্টোলটেনবার্গের এ কলাম অবজারভারের শনিবারের সংখ্যায় প্রকাশ করা হয়েছে। তিনি এতে আরও বলেন, ‘ন্যাটোর মাধ্যমে স্বাধীনতা, নিরাপত্তা ও উন্নতি সবই সহজেই নিশ্চিত করা সম্ভব।
এখন এ অনিশ্চিত সময়ে আমাদের প্রয়োজন শক্তিশালী মার্কিন নেতৃত্ব এবং ইউরোপের নেতাদের কাঁধে তাদের অংশের দায়িত্ব নেয়া। সর্বোপরি আমাদের প্রয়োজন আমেরিকা ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বের গুরুত্ব স্বীকার করা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে বিজয়ী হওয়ার পর ইউরোপের সামরিক বলয়ের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। তারই প্রতিধ্বনি হয়েছে স্টোলটেনবার্গের লেখায়। নির্বাচনে বিজয়ের আগে এক প্রচারণী সভায় ট্রাম্প ন্যাটোকে ‘সেকেলে’ বলে অভিহিত করে বলেছিলেন, তার নেতৃত্বে আমেরিকা ন্যাটোর কোনো হামলায় জড়াবে কিনা, তা নিয়ে তার সন্দেহ রয়েছে। এছাড়া জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় ন্যাটো অক্ষম এবং তিনি নির্বাচিত হলে জোটের সদস্যদের বলবেন, যারা সামরিক সুরক্ষা দেয়ার জন্য আমেরিকাকে অর্থ পরিশোধ করবে না, তারা এ জোট থেকে বিদায় নিতে পারে।

No comments:

Post a Comment