Thursday, November 24, 2016

রোহিঙ্গা অভিবাসীদের ঢল নামার আশংকা

মিয়ানমারের ১৩ লাখ রোহিঙ্গা মুসলিমের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। অবস্থা যদি এখনই সামাল দেয়া না যায় তবে সহসাই আবার রোহিঙ্গা অভিবাসীদের ঢল নামতে পারে। বুধবার জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে এমন আশংকার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এ মানবিক সংকটেও রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার জায়গা নেই বললেই চলে। তবে এখনই যদি কূটনৈতিক উদ্যোগ না নেয়া হয় তবে অভিবাসীদের ঢল এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা সামাল দেয়ার ক্ষমতা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেই।
প্রতিবেদনে বলা হয়, গত সিকি শতাব্দী ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রসীমায় তুলনামূলক নিরাপদ অবস্থা বিরাজ করছিল। কারণ এ অঞ্চলের ভৌগলিক অবস্থানের কারণে এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে ইউরোপ ও উত্তর আমেরিকায় গণঅভিবাসনের রুট হিসেবে ব্যবহৃত হয়নি। তবে রোহিঙ্গাদের ঢল নামার কারণে ২০১৫ সালে এ অবস্থায় পরিবর্তন আসে। সে সময় মিয়ানমারে নিপীড়ন থেকে বাঁচতে অন্তত ২৫ হাজার রোহিঙ্গা নৌকায় করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে আশ্রয় নেয়ার চেষ্টা করে। বিশেষ করে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এ সংকটের মুুখোমুখি হয়। ৯ অক্টোবর সশস্ত্র রোহিঙ্গারা হামলা চালিয়ে মিয়ানমারের নয়জন সীমান্তরক্ষীকে হত্যা করেছে বলে অভিযোগ তোলে দেশটির নিরাপত্তা বাহিনী। এরপর থেকে রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন শুরু হয়। এতে অন্তত ৩০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা একটি সংগঠন দাবি করেছে। হামলা থেকে বাঁচতে অন্তত ৩০ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
মালয়েশিয়ার হুমকি : রোহিঙ্গা মুসলিমদের ওপর বৌদ্ধপ্রধান মিয়ানমারের নিপীড়নের প্রতিবাদে চলতি বছরের আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সুজুকি কাপ বর্জনের ডাক দিয়েছেন মালয়েশিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী খয়রি জামা উদ্দিন। তিনি জানান, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করেছেন এবং চলতি সপ্তাহের বৈঠকেও একই কাজ করবেন। মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়, শনিবার এ খেলা শুরু হয়েছে। এর চারদিন পর জামালুদ্দিন এক টুইটার বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, মানবতা না থাকলে খেলাধুলা অর্থহীন। তাছাড়া একটি মানবগোষ্ঠীর বিরুদ্ধে নিষ্ঠুর বর্বরতা চলছে এবং এরা হল মুসলিম। মিয়ানমারের ১৩ লাখের মতো মুসলিমের বাস। তারা কয়েক প্রজন্ম ধরে দেশটিতে বাস করলেও দেশটির বৌদ্ধ সম্প্রদায়, এমনকি সরকারও তাদের বাংলাদেশ থেকে যাওয়া জনগোষ্ঠী বলে দাবি করে থাকে। রোহিঙ্গাদের জন্য বিশেষ দোয়া : এদিকে মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে রোহিঙ্গাদের জন্য বিশেষ দোয়ার (কুনুত নাজিলা) আয়োজন করেছে মালয়েশিয়ার দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (জাকিম)। জাকিমের মহাপরিচালক তান শ্রী দাতু উসমান মুস্তফা জানান, কুয়ালালামপুর, পুত্রা, মসজিদ এবং পুত্রজায়ায় মসিজদে তুয়ানকু মিজান জয়নাল আবেদিনের পাশাপাশি অন্যান্য মসজিদেও এই দোয়া অনুষ্ঠিত হবে। কঠিন পরিস্থিতিতে আল্লাহর রহমত কামনায় কুনুত নাজিলার সুন্নত নামাজ আদায় করা হয়।

No comments:

Post a Comment