ভারতের সামরিক বাহিনীতে পেনশন বৈষম্য দূর না হওয়ায় হতাশ একজন সাবেক সেনা সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত সেনার নাম রামকিষাণ গ্রেওয়াল (৭০)। তিনি হরিয়ানার ভিওয়ান্ডি জেলার বাসিন্দা ছিলেন। তিনি আত্মহত্যার আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে লেখা স্মারকলিপিতে আত্মহত্যার কথা জানিয়ে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি পালনরত অবস্থায় রামকিষাণ বিষপান করেন। জানা গেছে, সামরিক বাহিনীতে 'এক পদ এক পেনশনের' দাবিতে চলমান অংশ নিয়েছিলেন রাম কিষাণ। তিনি যন্তর মন্তরে সামনে চলা প্রতিবাদ সভায়ও বেশ কয়েকদিন ধরে উপস্থিত ছিলেন। তিনি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরীর্করের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। নিহতের পরিবার জানায়, আত্মহত্যার আগের মুহূর্তে রামকিষাণ বাড়িতে ফোন করেছিলেন। এ সময় তিনি জানান, 'এক পদ এক পেনশন' কার্যকর না হওয়ায় তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন। এদিকে স্মারকলিপিতেও সুইসাইড নোট লিখে যান রাম কিষাণ।
এতে তিনি লেখেন, সেনা জওয়ানদের কথা ভেবে তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। তার আশা, তার মৃত্যুর পরই হয়তো পেনশন সমস্যার সমাধান ঘটবে। উল্লেখ্য, ভারতীয় সামরিক বাহিনীতে বহু বছর ধরেই 'এক পদ এক পেনশন' নীতি চালুর দাবি জানিয়েছিল আসছিলেন সেনারা। ১৯৭০ সালে এ দাবি পূরণের জন্য একটি প্রকল্প নেয়া হলেও তা চার দশক পড়ে ছিল। ২০১৫ সালে 'এক পদ এক পেনশন' প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিন মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করে সাবেক সেনারা। পরে ওই বছরের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদির সরকার প্রকল্পটি চালুর ঘোষণা দেয়। কিন্তু প্রকল্প চালুর ঘোষণার পরেও দীর্ঘদিন পেনশনের অর্থ না পেয়ে চলতি বছরের জানুয়ারিতে সাবেক সেনারা যন্তরমন্তরে ফের ধরনায় বসেন। তাদের মূল অভিযোগ ছিল অর্থমন্ত্রী অরুণ জেটলির গরিমসির জন্যই এর বাস্তবায়নে দেরি হচ্ছে। এ অভিযোগে তার বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। পরে দাবি বাস্তবায়নের আশ্বাসে সাবেক সেনারা ঘরে ফিরে যান। কিন্তু বছর শেষ না হতেই ফের যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন সেনারা।

No comments:
Post a Comment