যশোরে
যাত্রীবাহী বাসচাপায় ইঞ্জিনচালিত ভ্যানচালক চাচা ও তার ভাতিজা নিহত
হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সতীঘাটা
নামকস্থানে এ দুর্ঘটনার ঘটে। নিহতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলা
ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ইঞ্জিনভ্যান চালক আজিজুল
(৪৫) ও হাতেম গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৫)। এরা সম্পর্কে চাচা-ভাতিজা।
আহতরা হলেন- একই এলাকার এমদাদ আলীর ছেলে বজলু (২৬), জিন্নাত আলীর ছেলে
মাহবুব (২৬), আব্দুল জলিলের ছেলে আহাদ (২৫) ও আব্দুস শহীদের ছেলে সোহাগ
(৩০)। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা
জানান,
সকাল সাড়ে ৭টার দিকে তারা
মণিরামপুর থেকে ইঞ্জিনচালিত ভ্যানযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে
সতীঘাটায় সড়কের বাঁক অতিক্রমকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী
বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক চাচা আজিজুল ও ভাতিজা রবিউল
মারা যান। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়।
নিহত দু’জনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যশোর মেডিকেল কলেজ
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আহতদের
মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন
জানিয়েছেন, ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক বাসটিকে ধাওয়া করে। চালক কিছুদূর
গিয়ে বাসটি ফেলে পালিয়ে যায়। পরে মণিরামপুর থানা পুলিশ বাসটি জব্দ করেছে।

No comments:
Post a Comment