Sunday, December 25, 2016

আজ শুভ বড়দিন

শুভ বড়দিন আজ। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানবজাতিকে সুপথ প্রদর্শন, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচারের জন্য যিশু জন্ম নিয়েছিলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টান সমপ্রদায় আজ যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। দেশের সব গির্জা, অভিজাত হোটেল ও স্থাপনাদিতে আলোকসজ্জা আর ফুলে ফুলে সাজানো হয়েছে। একই সঙ্গে সাজানো হয়েছে ‘ক্রিসমাস ট্রি’। এছাড়া হোটেলগুলোতে বড়দিনের আয়োজনে থাকছে দেশি-বিদেশি নানা ধরনের খাবার, ভিন্ন ভিন্ন স্বাদের কেক। থাকবে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, ফ্যাশন শো, জাদু প্রদর্শনী। ঢাকা শহরের ৪০টি গির্জার অধিকাংশেই থাকছে শিশুদের প্রিয় ‘সান্তাক্লজ’। তিনি শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করবেন। বিভিন্ন গির্জার ভেতর ও বাইরে তৈরি করা হয়েছে যিশুর জন্ম-ইতিহাসভিত্তিক ‘গোশালা’। বেথেলহেমের গরিব কাঠুরের গোয়ালঘরে যিশু খ্রিষ্টের জন্ম এ বিশ্বাস থেকে গোশালার প্রতিকৃতিকে গুরুত্ব দেয়া হয়। এদিকে প্রতিটি গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে। বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। এদিকে বড়দিন উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
>>>মানবজমিন

No comments:

Post a Comment