Wednesday, December 14, 2016

মহেশখালীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার মাতারবাড়ির পুরানবাজার মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম নজির আহমদ মাঝি (৬৫)। তিনি মাতারবাড়ি ইউনিয়নের ৪ নম্বার ওয়ার্ডের সাতঘরিয়াপাড়ার গুনুমিয়ার ছেলে। তিনি পেশায় মাঝি। এছাড়া চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ীর ক্যাশিয়ার হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। মাতারবাড়ির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এম.কম জানান, নজির মাঝি মাতারবাড়ি-চট্টগ্রাম নৌ-রুটে তার মালিকানাধীন বোটে দীর্ঘদিন ধরে চালক হিসেবে কাজ করছেন।
চট্টগ্রামের অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাতারবাড়ির দোকানী ও ব্যবসায়ীরা মালামাল বাকিতে আনেন। বিশ্বস্ততার কারণে চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে প্রতি সপ্তাহে বকেয়া লাখ লাখ টাকা তুলতেন নজির। মঙ্গলবারও তিনি কয়েক লাখ টাকা তুলেছেন বলে জেনেছি। কিন্তু বুধবার সকালে কবরস্থান এলাকায় তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পরিচিত দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে  নিজেদের আড়াল করতে নজিরকে হত্যা করেছে। মাতারবাড়ির চেয়ারম্যান মাহমুদ উল্লাহ মাস্টার বলেন, পরিচিত কেউ ছাড়া এ হত্যাকাণ্ড ঘটানো অসম্ভব।   মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাছিয়েছে। বৃদ্ধের মাথা, ঘাড় ও কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ বলে জানান ওসি।

No comments:

Post a Comment