Saturday, December 31, 2016

শীতলক্ষ্যায় ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর ঘটা এ ঘটনায় স্থানীয় ২টি লাশ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অভিযানে আরো ৩টি লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো- নরসিংদী জেলার শিবপুর থানার পাড়াতলা গ্রামের আব্দুল হাই বাবুল মিয়ার ছেলে আতিক (২৫), একই গ্রামের তাজিম (১৪), আব্দুল কাইয়ুম, আসু মিয়া এবং কহিনূর বেগম।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়ার তারাগঞ্জ এইচএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাজউদ্দিন-ময়েজউদ্দিন স্মৃতি সংসদ কনসার্টের আয়োজন করে। এতে শিল্পী মিলা, ফকির সাহাবুদ্দিন, চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন শিল্পীর উপস্থিত থাকার কথা ছিল। পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর থানার পাড়াতলা গ্রামের বেশ কয়েকজন ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে পারাতলা ঘাট থেকে নারী-শিশুসহ ২০-২১ জন যাত্রী ইঞ্জিন চালিত একটি ট্রলারযোগে তারাগঞ্জ বাজার খেয়াঘাটের উদ্দেশে শীতলক্ষ্যা নদী পার হচ্ছিলেন।
পথে মাঝ নদীতে যাওয়ার পর ট্রলারটি যাত্রীসহ হঠাৎ ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে পারলেও কমপক্ষে ৫ জন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশন থেকে ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আতিক, আব্দুল কাইয়ুম, আসু মিয়া, তাজিন এবং কহিনূর বেগম নামে পাঁচজনের লাশ উদ্ধার করে। পরে রাত ১টার দিকে আর কোনো লাশ নদীতে না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment