![]() |
| প্রধানমন্ত্রী বিল ইংলিশ ও তার ডেপুটি পলা বেনেট |
নিউজিল্যান্ডের
ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশকে নিয়োগ
দিয়েছে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জন কির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। খবর
বিবিসি, দ্য গার্ডিয়ানের।
বিল ইংলিশ বর্তমানে অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন
করছেন। তার জায়গায় উপপ্রধানমন্ত্রী হিসেবে সামাজিক গৃহায়নমন্ত্রী পলা
বেনেটের নাম ঘোষণা করা হয়েছে। রোববার ন্যাশনাল পার্টির বৈঠকে এই নিয়োগ
চূড়ান্ত করা হয়েছে। সোমবার বিল ইংলিশ ওয়েলিংটনে সরকারি ভবনে শপথের মাধ্যমে
দায়িত্ব বুঝে নেবেন। পারিবারিক কারণে গত সপ্তাহে জন কি আকস্মিকভাবে
পদত্যাগের ঘোষণা দেন। তার জীবনে এটাই সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেও জানান।
একই সঙ্গে ২০১৭ সালের নির্বাচনে দাঁড়াবেন না বলেও ঘোষণা দেন তিনবারের
প্রধানমন্ত্রী জন কি।
জন কির পদত্যাগের পর দায়িত্ব সামলান তার উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ। এরপর
ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশকেই নিয়োগ দিল।
নিয়োগের পর টুইটারে দেয়া প্রতিক্রিয়ায় বিল ইংলিশ বলেছেন, 'প্রধানমন্ত্রী
নির্বাচিত হতে পেরে তিনি উৎফুল্ল ও বিনয়ী।'
ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট পিটার গুডফেলো বলেছেন, 'ইংলিশ ও বেনেট
দুর্দান্ত নেতা হতে যাচ্ছেন, যারা অভিজ্ঞতা ও নতুন চিন্তার অধিকারী।' তিনি
বলেন, 'তাদের নেতৃত্বে নিউজিল্যান্ডের নাগরিকরা স্থিতিশীল সরকারের কাছ থেকে
লাভবান হবেন, পাশাপাশি পরিবার ও ব্যবসার জন্য তারা নিবেদিত হয়ে কাজ
করবেন।' বিল ইংলিশ ১৯৯০ সালে পার্লামেন্টে যোগদান করেন। এরআগে তিনি শিক্ষা,
স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

No comments:
Post a Comment