Thursday, December 1, 2016

দুর্বল নাদা যাচ্ছে তামিলনাড়ুর দিকে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'নাদা' দুর্বল হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে এটি তামিলনাড়ুর কুডালোর উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তিন নম্বর বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নাদা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায়
(১০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। সকালে ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৫৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় নাদা'র কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তামিল নাড়ুতে রাতে আঘাত হানবে
ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, 'নাদা' ক্রমেই দুর্বল হয়ে বঙ্গোপসাগরের তামিলনাড়ু ও পুডুচেরি উপকূলের দিকে এগিয়ে আসছে। দুর্বল হয়ে পড়ার কারণে এটি 'গভীর নিম্নচাপে' পরিণত হয়েছে, যা ঘূর্ণিঝড়ের সমপর্যায়ের নয় বলে আবহাওয়াবিদদের বরাতে এনডিটিভি জানিয়েছে। বৃহস্পতিবার সকালে এটি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। নাদার প্রভাবে চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু এলাকায় হাল্কা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে পুডুচেরি থেকে ২০ কিলোমিটার দূরের উপকূলীয় এলাকা কুডালোর অতিক্রম করতে শুরু করবে ঘূর্ণিঝড় নাদা। এরইমধ্যে কূডালোরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স-এনডিআরএফের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে গত বুধবার থেকে তামিলনাড়ু এবং পুডুরেচেরিতে সতর্কবার্তা জারি করা হয়েছে।

No comments:

Post a Comment