Saturday, December 31, 2016

যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রাশিয়ান কূটনীতিক বহিষ্কার, পাল্টা ব্যবস্থা নেবেন না পুতিন

যুক্তরাষ্ট্র, রাশিয়ার মধ্যে এক প্রকার কূটনৈতিক মুখোমুখি অবস্থা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রেমলিন-সমর্থিত হ্যাকারদের হস্তক্ষেপের জবাবে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। ‘পারসনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে যুক্তরাষ্ট্র ছাড়তে ৭২ ঘণ্টার সময় বেধে দেয়া হয়। যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়ার পাল্টা জবাব রাশিয়ার তরফে আসবে বলে ইঙ্গিত মিলছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ৩৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়ে দেন, তিনি এমনটা করবেন না। তার ভাষায় ‘দায়িত্বহীন কূটনীতির’ পর্যায়ে নামবে না রাশিয়া। এ খবর দিয়েছে বিবিসি ও দ্য টেলিগ্রাফ।  খবরে বলা হয়, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পাল্টা জবাবের বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, দায়িত্ব হীন কূটনীতির পর্যায়ে না নেমে তিনি বরং মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে সম্পর্কের উন্নয়নে কাজ করবেন। এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ৩৫ রাশিয়ান কূটনীতিক বহিষ্কারের প্রত্যুত্তরে ৩৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব দেন। প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ে সংশ্লিষ্টতার যে অভিযোগ যুক্তরাষ্ট্র করে আসছে তা বরাবরই প্রত্যাখ্যান করেছে রাশিয়া। তাদের ভাষ্য এসব অভিযোগ ‘ভিত্তিহীন’।
>>>মানবজমিন

No comments:

Post a Comment