Monday, December 12, 2016

আসামি আটকের জের ধরে মহাসড়ক অবরোধ

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ার কূল এলাকা থেকে বেলাল হোসেন (৩২) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটকের জের ধরে নেতাকর্মীরা পার্বত্য এলাকায় পৌঁছার একমাত্র পথ চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশের হাতে আটক বেলাল ফতেপুর ইউনিয়নের ইসলামীয়া হাট এলাকার বজল খলিফার পুত্র। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা য়ায়, রোববার সন্ধ্যায় হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক স্বপন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই মহাসড়কের ছড়ার কূল এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামি বেলাল হোসেনকে আটক করে। এর প্রতিবাদে সরকারপন্থি ক্ষমতাসীন দলের অঙ্গ-সংগঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা হাটহাজারী বাস স্টেশন, এগার মাইল ও ইসলামীয়া হাট এলাকায় ৩টি স্পট রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কটিতে চলাচলকারী ৩০টি রুটের যাত্রী সাধারণকে যানজটে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া অবরোধ চলাকালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। এতে ওই এলাকাগুলোতে অবস্থানরত পথচারী ও যাত্রীরা ভয়ে আতংকিত হয়ে দিগ্বিদিক ছুটাছুটি করে। হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাংগীর বলেন, আসামি আটকের জের ধরে ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতার কর্মীরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

No comments:

Post a Comment