ফিলিস্তিনের
স্বাধীনতাকামী দল হামাসের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজা নগরীতে
ব্যাপক শোডাউন দিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনী ও মুখোশ পরা সশস্ত্র
যোদ্ধারা। বুধবার এ উপলক্ষে গাজার রাস্তায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শতশত
যোদ্ধা অস্ত্র উঁচিয়ে এবং শিশুরা খেলনা বন্দুক নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন নারী ও শিশুসহ গাজাবাসী। হামাসের
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শোভাযাত্রা কার্যত দখলদার ইসরাইল বিরোধী গণমিছিলে
পরিণত হয়। এতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ পার্টির
প্রতি জাতীয় ঐক্যের ডাক দেন হামাস নেতা খালিদ আল হাইয়া।
উল্লেখ্য, ১৯৮৭
সালে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের দুই নেতা শেখ আহমদ ইয়াসিন এবং মাহমুদ
জাহারের নেতৃত্বে ফিলিস্তিনের নতুন স্বাধীনতাকামী দল হিসেবে যাত্রা শুরু
করে 'হারকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া' তথা হামাস। দলটির 'ইজ্জাদ্দ্বীন
আল কাসসাম ব্রিগেড' নামে একটি সামরিক শাখা রয়েছে। ২০০৬ সালে ফিলিস্তিনের
জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী হয় হামাস। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট
মাহমুদ আব্বাসের সঙ্গে বিরোধের জেরে ২০০৭ দখলমুক্ত দুই ফিলিস্তিনি ভূখণ্ড
পশ্চিম তীর ও গাজার শাসনে বিভক্তি আসে। পশ্চিম তীর ফাতাহর এবং গাজা হামাসের
দখলে চলে যায়। একই বছর থেকে গাজাকে অবরুদ্ধ করে ফেলে ইসরাইল। সর্বশেষ ২০১৪
সালে গাজায় ইসরাইল হামলা চালায়। এ সময় ৫০ দিন ধরে প্রতিরোধ যুদ্ধ করে
হামাস। ওই হামলায় দুই হাজার ২৫১ ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক হাজার আহত
হয়েছিল। এছাড়া ১২ হাজার ফিলিস্তিনী বাড়ি ধ্বংস এবং এক লাখ ক্ষতিগ্রস্ত হয়।

No comments:
Post a Comment