Thursday, December 15, 2016

আলেপ্পোর প্রতি সংহতি, কাতারের জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিল

সিরিয়ার আলেপ্পো শহরের যুদ্ধপীড়িত সাধারণ মানুষের প্রতি সংহতি জানাতে কাতারের জাতীয় দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস। এ উপলক্ষে প্যারেড ও আতশবাজিসহ জাকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনীর লাগাতার গোলাবর্ষণের কারণে সেখানে অবরুদ্ধ হয়ে পড়া বেসামরিক জনগণের প্রতি সংহতি জানাতে জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সরকারি এক বিবৃতির বরাতে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, শেখ তামিম আলেপ্পো নগরীর নিপীড়িত, নির্যাতিত, বাস্তুচ্যুতি এবং গণহত্যার শিকার মানুষদের প্রতি সংহতি জানাতে জাতীয় দিবসের সব ধরনের অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিয়েছেন। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাত্কারে সিরিয়া সরকারের বিরুদ্ধে সিরিয়া সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেন। তিনি বলেন, আলেপ্পোতে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি বিরাজ করছে।
সেখানে এখন কোনো হাসপাতাল পরিচালনা করা যাচ্ছে না, সাধারণ মানুষ আক্রান্ত। নগরীটি অবরুদ্ধ থাকায় সেখান থেকে কোনো মৃতদেহও সরানো যাচ্ছে না। ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। যা একটি পর্যায়ে সশস্ত্র গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। ২০১৪ সালে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলার প্রতিবাদে ঈদুল ফিতরের অনুষ্ঠান বাতিল করে কাতার। ওই হামলায় দুই হাজার ২৫১ জন নিহত, আরও কয়েক হাজার আহত হয়েছিল। এছাড়া ১২ হাজার ফিলিস্তিনী বাড়ি ধ্বংস এবং এক লাখ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

No comments:

Post a Comment