শ্রমিক
অসন্তোষের কারণে শিল্পাঞ্চল আশুলিয়ায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারি ও
রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ৫৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য
বন্ধ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে ওই এলাকার এসব কারাখানা
বন্ধ রয়েছে। এছাড়া আজ দুপুরের আগে আরও ৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে কারাখানা বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ আরও বাড়ার আশংকায়
আশুলিয়া শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
উদ্ভুত পরিস্থিতি মোককাবেলায় ওই এলাকায় আজ সকাল থেকে গণপরিবহণ চলাচলও বন্ধ
করে দেয়া হয়েছে। এতে হরতাল-অবরোধের মতো আবহ সৃষ্টি হয়েছে। তবে শ্রমিকদের
দাবি না মেনে হঠাৎ কারখানা বন্ধের ঘোষণায় আন্দোলনকারীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে
পড়েছে। ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে আশুলিয়ায় গত ১২
ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে পোশাক শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের
পরিপ্রেক্ষিতে গত রোববার স্থানীয় এমপি, বিজিএমইএ এবং শ্রমিকদের
প্রতিনিধিদের সমন্বয়ে দুই মন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়।
ওই বৈঠক থেকে শ্রমিকদের দাবি বিষয়ে করণীয় নিয়ে তাদের প্রাথমিক আশ্বাস দেয়া
হয়। পরও শ্রমিকরা আন্দোলন অব্যাহত রাখে। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে
রাজধানীর বিজিএমইএ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর
রহমান আশুলিয়ার ৫৫টি কারাখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এরপর
বিজিএমইএ'র পক্ষ থেকে আজ বেলা ১১টার পর আরও ৪টি কারাখানা বন্ধ ঘোষণা করা
হয়। ঘোষণা অনুযায়ী আজ কারখানাগুলোর প্রধান গেটের সামনে অনির্দিষ্টকালের
বন্ধের নোটিশ সাঁটিয়ে সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্তৃপক্ষ। এদিকে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আজ আশুলিয়ায় পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। এছাড়া
র্যাবের টহলও রয়েছে।
আইনশৃংখলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরাও আশুলিয়া শিল্পঞ্চলের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে।
সকাল থেকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে দূরপাল্লার ও আঞ্চলিক গণ পরিবহণ
চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ আর ভোগান্তিতে পরেছে বিভিন্ন
গন্তব্যমুখী সাধারণ যাত্রী। আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমান ঊর্ধ্বমুখী
বাজার দরের কারণে ও বাড়িভাড়া বৃদ্ধিসহ ব্যয়ভার নির্বাহ করা বর্তমান মজুরি
দিয়ে সম্ভব না। তাই বর্তমান মজুরি কাঠামো রিভিউ করে ন্যূনতম বেতন ১৫
হাজারসহ ১৬ দফা দাবিতে তারা আন্দোলন করছে। শ্রমিকরা জানান, তাদের সঙ্গে
আলোচনার মাধ্যমে বেতন ও অন্যান্য দাবি পূরণ না করে বিজিএমইএ বুধবার থেকে
অনির্দিষ্টকালের জন্যে কারখানা বন্ধের নির্দেশ দেয়। এর ফলে শ্রমিকদের
দুর্দশা আরও বাড়বে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির
বলেন, বেতন বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। তবে আশুলিয়ার
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন
আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

No comments:
Post a Comment