নির্বাচনে
প্রভাব বিস্তারে রাশিয়ার 'সাইবার হামলা' খতিয়ে দেখার জন্য গোয়েন্দা
সংস্থাকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ
বলছে, এসব ই-মেইলের বিস্তারিত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে।
খবর বিবিসি, দ্য গার্ডিয়ানের। ভোটের সময় যুক্তরাষ্ট্রের দিক থেকে অভিযোগ
করা হয়েছিল, রাশিয়ার হ্যাকিংয়ের লক্ষ্য ছিল ডেমোক্রেটিক পার্টির ই-মেইল
এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের একজন ঘনিষ্ঠ সহযোগীর তথ্য। গত
অক্টোবরে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়া আমেরিকার নির্বাচনে
হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প এসব অভিযোগ নাকচ করে জানান, রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা
করেছে বলে তিনি বিশ্বাস করেন না।
ট্রাম্প মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে এসব
অভিযোগ আনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ডেমোক্রেটিক শিবির বলছে, রাশিয়া এ
হ্যাক করার চেষ্টা করেছিল হিলারি ক্লিনটনকে অপদস্থ করার উদ্দেশ্যে। হোয়াইট
হাউজের মুখপাত্র এরিক শুলজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা বিষয়টিকে খুবই
গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সেজন্য তিনি এর তদন্ত করতে বলেছেন। কারণ আমেরিকা
তাদের নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা এবং অখণ্ডতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।
হোয়াইট হাউজের হোমল্যান্ড সিকিউরিটি ও কাউন্টার টেররিজমবিষয়ক উপদেষ্টা
লিসা মোনাকো সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট ওবামার দায়িত্ব শেষ হবার
আগেই এ তদন্ত কাজ শেষ হবে এবং সেটির ফলাফল নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের হাতে তুলে দেয়া হবে।

No comments:
Post a Comment